দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দাদার। দেহ ময়না তদন্তে নিয়ে যাওয়ার আগে শেষ বারের মতো রাখি পরিয়ে দাদাকে বিদায় জানাল বোন। বৃহস্পতিবার, রাখি পূর্ণিমার দিন সোনারপুর থানার সামনে এই দৃশ্য দেখে চোখের জল বাঁধ মানছিল না অনেকেরই। হাউ-হাউ করে কাঁদছিল বোন-সহ পরিবারের অন্যেরাও।
বুধবার রাতে একটি দুর্ঘটনায় মৃত্যু হয় সাগ্নিক সেন (২১) ও শৌনক ভট্টাচার্যের (২২)। সাদার্ন বাইপাসের বারুইপুর-কামালগাজি রোডের চৌহাটির কাছে রাত তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃত দু’জনের বাড়ি যাদবপুর ও গল্ফ গ্রিন এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, যাদবপুরের বাসিন্দা পাঁচ যুবক বুধবার সন্ধ্যায় একটি গাড়িতে চেপে বারুইপুরে এক অনুষ্ঠানে আসেন। অনুষ্ঠান শেষে গভীর রাতে বাড়ি ফিরছিলেন তাঁরা। তখনই চৌহাটির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গাছে ধাক্কা মেরে স্থানীয় একটি স্কুলের সামনে রাখা গার্ডরেলের উপরে উঠে যায়। এলাকার লোকজনই পাঁচ জনকে উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে শৌনক ও সাগ্নিককে মৃত ঘোষণা করা হয়। বাকি তিন জনকে বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অত্যন্ত জোরে চলছিল গাড়িটি। পুলিশ জানায়, গাড়ি চালাচ্ছিলেন শৌনক। প্রত্যেকেই মত্ত অবস্থায় ছিলেন বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। সোনারপুর থানার পুলিশ দেহ দু’টি এ দিন ময়না তদন্তে পাঠিয়েছে। তার আগে থানায় হাজির হন দুই যুবকের পরিবারের লোকেরা। দেহময়না তদন্তে নিয়ে যাওয়ার সময়েই গাড়ি থামিয়ে দাদার হাতে শেষবারের জন্য রাখি পরিয়ে দেয় মৃত সাগ্নিকের বোন।