E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সুরক্ষা ছাড়াই কাজ, পড়ে জখম দুই শ্রমিক

নির্মাণ কাজ চলাকালীন বহুতল থেকে পড়ে গিয়ে আহত হলেন দুই নির্মাণ শ্রমিক। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে সিঁথি থানা এলাকার রায়পাড়ায়। সঙ্কটজনক দুই শ্রমিককে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৬ ০৭:৩২

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

সুরক্ষা-বিধির কোনও বালাই ছিল না। শ্রমিক-সুরক্ষার নিয়মের তোয়াক্কা না করেই কাজ চলছিল বহুতলে। নির্মাণ কাজ চলাকালীন বহুতল থেকে পড়ে গিয়ে আহত হলেন দুই নির্মাণ শ্রমিক। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে সিঁথি থানা এলাকার রায়পাড়ায়। সঙ্কটজনক দুই শ্রমিককে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আহত দুই শ্রমিকের নাম রাকেশ সর্দার এবং প্রকাশ মৌনাল।

রাকেশ দমদমের স্থানীয় বাসিন্দা। প্রকাশের বাড়ি ঝাড়খণ্ডে। নির্মীয়মাণ বহুতলটি চারতলা। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে বহুতলে প্লাস্টারের কাজ চলছিল। কিন্তু হেলমেট-সহ শ্রমিক সুরক্ষার কোনও ব্যবস্থাই ছিল না। কাজ চলার সময়ে দু’জন লিফ্‌টের ফাঁকা অংশে পড়ে যান। অন্যান্য শ্রমিকেরা দেখতে পেয়ে তাঁদের উদ্ধার করেন। পুলিশ আহতদের আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দু’জনের পা-সহ শরীরের একাধিক জায়গায় আঘাত লেগেছে।

অন্যান্য শ্রমিকদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পেরেছেন, নির্মীয়মাণ লিফ্‌টের ফাঁকা অংশের দিকেই এ দিন সকাল থেকে প্লাস্টারের কাজ করছিলেন ওই দু’জন। কাজ করতে করতে প্রথমে প্রকাশ পড়ে যান। সেটা দেখতে পেয়ে প্রকাশকে বাঁচানোর চেষ্টা করেন রাকেশ। তখন তিনিও পড়ে যান।

সিঁথি থানার তরফে একটি মামলা রুজু করে শ্রমিক সরবারহকারী ঠিকা সংস্থা এবং যাঁরা বাড়ি তৈরি করেছিলেন, তাঁদের থানায় ডেকে পাঠানো হয়েছে। এক তদন্তকারী আধিকারিক বলেন, ‘‘বহুতলে কাজের ক্ষেত্রে যে যে সুরক্ষা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, প্রাথমিক তদন্তে তার কিছুই মেলেনি।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Injury Workers

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy