Advertisement
E-Paper

কলকাতায় অবৈধ অস্ত্র কারখানার হদিস পেল রাজ্য পুলিশের এসটিএফ! উদ্ধার বন্দুক-পিস্তল, খোঁজ শুরু অভিযুক্তের

নাদিয়াল থানায় অস্ত্র আইনের অধীনে মামলা রুজু করেছে এসটিএফ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাঁর সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে এসটিএফ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ১০:৪৭
Several arms recover by West Bengal STF in Nadial, Kolkata

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। ছবি: সংগৃহীত।

কলকাতায় ঘরের মধ্যেই অবৈধ অস্ত্র তৈরির কারখানা! গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। অভিযান চালিয়ে একাধিক বন্দুক-পিস্তল, কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও, কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামও পেয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার নাদিয়াল থানার অন্তর্গত আয়ুবনগরের একটি বাড়িতে হানা দিয়ে এই অস্ত্র কারবারের হদিস পাওয়া যায়। যদিও এসটিএফের অভিযানের আগেই ওই বাড়ি ছেড়ে পালান মালিক। অভিযোগ, তিনিই নাকি বাড়ির মধ্যে অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেছিলেন। এই অভিযানে, দু’টি ৭ এমএম বন্দুক, দু’টি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম এবং কার্তুজও পাওয়া গিয়েছে বলে খবর।

নাদিয়াল থানায় অস্ত্র আইনের অধীনে মামলা রুজু করেছে এসটিএফ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাঁর সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে এসটিএফ। কত দিন ধরে ওই বাড়িতে গোপনে অস্ত্র তৈরি করছিলেন তিনি, কাদের থেকে বরাত পেতেন, কোথা থেকে সরঞ্জাম কিনতেন— এমন নানা প্রশ্ন ঘুরছে তদন্তকারীদের মনে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে ধরতে পারলে জেরা করে অনেক তথ্য মিলতে পারে। এই চক্রের নেপথ্যে আর কেউ জড়িত কি না, সেটাও স্পষ্ট হওয়া সম্ভাবনা রয়েছে।

Arms Recovery Arms Act West Bengal STF

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy