টাইপ-১ ডায়াবিটিসে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ‘পশ্চিমবঙ্গ মডেল’ দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্র। ‘রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কর্মসূচি’-তে যাকে জাতীয় কর্মসূচির অংশ করা হয়েছে। ‘আরবিএসকে-২.০’ বাস্তবায়ন ও শিশুদের টাইপ-১ ডায়াবিটিসের চিকিৎসা ও পরিচর্যার নির্দেশিকা কী ভাবে কার্যকর হবে, তার চূড়ান্ত রূপরেখা তৈরির লক্ষ্যে জাতীয় স্তরের দু’দিনের সম্মেলন ও কর্মশালা হয়ে গেল কলকাতায়। ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় ১০০ জন অংশ নিয়েছেন। ২০২১ সালে এই মডেল তৈরি করেন এসএসকেএমের এন্ডোক্রিনোলজি বিভাগের শিক্ষক-চিকিৎসক সুজয় ঘোষ। তাঁর নেতৃত্বে মাত্র পাঁচ জেলায় পরীক্ষামূলক ভাবে শুরু হয় প্রকল্প। পরে আরও ১০ জেলায় শুরু হয়। সুজয় জানাচ্ছেন, পশ্চিমবঙ্গ মডেল জাতীয় কর্মসূচির অংশ হওয়ায় দেশের কয়েক হাজার ডায়াবিটিস আক্রান্ত শিশুর চিকিৎসা আরও সহজলভ্য হবে।