কলকাতা পুলিশে দীর্ঘ দিন ধরেই অফিসারের ঘাটতি চলছে। যার জেরে ব্যাহত হচ্ছে কাজকর্ম। তবে, এ বার সেই ঘাটতি পূরণ হতে চলেছে বলে জানিয়েছে লালবাজার। সূত্রের খবর, কলকাতা পুলিশ পুরুষ সাব-ইনস্পেক্টর, মহিলা সাব-ইনস্পেক্টর এবং সার্জেন্ট পদে নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল। বর্তমানে সেই নিয়োগ প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। মোট ৩০৯টি পদে নিয়োগ করা হচ্ছে বলে খবর। নির্বাচিত প্রার্থীদের পুলিশি যাচাই এবং ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়াটি অত্যন্ত জরুরি ভিত্তিতে দ্রুত সম্পন্ন করার জন্য জেলার পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন কলকাতার নগরপাল। সেই সঙ্গে এ বিষয়ে একটি রিপোর্ট আগামী সোমবারের মধ্যে লালবাজারে পাঠাতে বলা হয়েছে।
এক পুলিশকর্তা জানান, এই নিয়োগ প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে রয়েছে। নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়ার পরে আনুষ্ঠানিক ভাবে নিয়োগপত্র দেওয়া হবে। তার পরে নভেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিক থেকে তাঁদের প্রশিক্ষণ শুরু হবে বলে ঠিক হয়েছে। প্রসঙ্গত, কলকাতা পুলিশে যে ৩০৯টি পদে নিয়োগ করা হবে, তার মধ্যে পুরুষ সাব-ইনস্পেক্টর পদে ২১২ জন, মহিলা সাব-ইনস্পেক্টর পদে ২৬ জন, সশস্ত্র বাহিনীর সাব-ইনস্পেক্টর পদে ৩৪ জন এবং সার্জেন্ট পদে ৩৬ জন আসবেন। এঁদের নিয়োগ প্রক্রিয়া শেষ হলে বাহিনীতে অফিসারের ঘাটতি কিছুটা কমবে বলে আশা পুলিশকর্তাদের।
উল্লেখ্য, ২০১৩ সালের পরে কলকাতা পুলিশে সাব-ইনস্পেক্টর পদে শেষ বার নিয়োগ হয়েছিল ২০২৩ সালে। বাহিনীতে যোগ দিয়েছিলেন প্রায় ১০০ জন। কিন্তু তার পরেও বহু শূন্যপদ থেকে গিয়েছিল। এর পরে তিন বছরের মাথায় সাব-ইনস্পেক্টর পদে ঘাটতি আরও বেড়েছে বলে অভিযোগ। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, নতুন অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হবে এক বছর ধরে। সেই পর্ব শেষ হলেই তাঁরা বাহিনীতে যোগ দেবেন ‘প্রবেশনারি অফিসার’ হিসেবে।
লালবাজার সূত্রের খবর, এর সঙ্গেই কলকাতা পুলিশে নতুন করে আরও ৫৮৯৩টি পদে নিয়োগের বিষয়ে ছাড়পত্র দিয়েছে নবান্ন। গত বছরের সেপ্টেম্বর মাসে কলকাতার নগরপালের পাঠানো ওই প্রস্তাবে বুধবার নবান্ন ছাড়পত্র দিয়েছে। রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। ছাড়পত্র পাওয়া ৫৮৯৩টি পদের মধ্যে রয়েছে ৪৩১৯টি কনস্টেবল, ৪৩০টি মহিলা কনস্টেবল, ৬৪৮টি সার্জেন্ট, ৪২৫টি সাব-ইনস্পেক্টর এবং ৭০টি মহিলা সাব-ইনস্পেক্টরের পদ। পুলিশকর্তাদের আশা, দ্রুত এই নিয়োগের কাজ শুরু হবে।