রাজ্যে সরকার বদল হলেও রাস্তায় পুলিশি দৌরাত্ম্য এখনও কমেনি বলে অভিযোগ বেশির ভাগ পরিবহণ সংগঠনের। বেসরকারি বাস, অ্যাপ-ক্যাব, ট্যাক্সি ছাড়াও অ্যাপ-বাইকচালকদের নানা কারণে ট্র্যাফিক পুলিশের জরিমানার কোপে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠছেই। চালক সংগঠনগুলির আরও অভিযোগ, যান নিয়ন্ত্রণের পরিবর্তে বহু ক্ষেত্রে জরিমানা আদায়ই পুলিশের কাছে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থলে সিগন্যাল বদলের টাইমার থাকলেও শহরের বহু রাস্তায় এখনও সেই প্রযুক্তি নেই বলে অভিযোগ চালক সংগঠনগুলির। বহু রাস্তায় নেই উপযুক্ত সাইনেজ। এই সব অস্পষ্টতার সুযোগে পুলিশের একাংশ চালকদের থেকে জরিমানা আদায় করছে, এমনই অভিযোগ বাম শ্রমিক সংগঠনগুলির।
ফলে, জ্বালানির মূল্যবৃদ্ধির পাশাপাশি পুলিশি জরিমানাও বিড়ম্বনা বাড়াচ্ছে চালকদের। বেসরকারি বাস, অ্যাপ-ক্যাব, ট্যাক্সি এবং বাইক-ট্যাক্সির চালকদের ওই সব সমস্যা নিয়ে ১৩ অগস্ট লালবাজার অভিযানের ডাক দিয়েছে তিন বাম শ্রমিক সংগঠন।
দিনকয়েক আগেই একাধিক দাবিতে সিটু-র তরফে অ্যাপ-ক্যাব পরিষেবা মুলতুবির ডাক দেওয়া হয়েছিল। তিন বাম পরিবহণ শ্রমিক সংগঠন— এআইটিইউসি, এআইইউটিইউসি এবং এআইসিসিটিইউ-এর অভিযোগ, ওই কর্মসূচি সম্পর্কে তাদের আগাম জানানো হয়নি। তাই চালক সংগঠনগুলির সমস্যা নিয়ে তারা আন্দোলনে নামছে। এ নিয়ে এআইটিইউসি-র পরিবহণ কর্মী সংগঠনের নওলকিশোর শ্রীবাস্তব, এআইইউটিইউসি-র শান্তি ঘোষ এবং এআইসিসিটিইউ-র দিবাকর ভট্টাচার্য যৌথ বিবৃতি দিয়ে বুধবার লালবাজার অভিযান কর্মসূচির ঘোষণা করেছেন।
ওই দিন, অর্থাৎ ১৩ অগস্ট রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বি বি গাঙ্গুলি স্ট্রিট পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। অ্যাপ-ক্যাব, বাইক-ট্যাক্সি, হলুদ ট্যাক্সি এবং আরও কিছু বাণিজ্যিক গাড়ির চালকেরা সে দিন পরিষেবা বন্ধ রাখবেন বলে খবর। আগামী ৩ সেপ্টেম্বর পরিবহণমন্ত্রীর কাছে তাদের সমস্যা জানাতে ফের মিছিলের ডাক দেওয়া হয়েছে।