ইউটিউবার হতে চেয়ে বাড়িতে না জানিয়েই স্কুল থেকে পালিয়ে মুম্বই রওনা হয়েছিল তিন ছাত্রী। খবর পেয়ে মুম্বই পৌঁছনোর আগেই ওই তিন জনকে উদ্ধার করল পুলিশ।
পুলিশ জানিয়েছে, তিন ছাত্রীর মধ্যে দু’জন গার্ডেনরিচ থানা এলাকা এবং একজন নাদিয়াল থানা এলাকার বাসিন্দা। তাদের অভিভাবকেরা শুক্রবার দুপুরে গার্ডেনরিচ থানায় অভিযোগ করেন যে, তাঁদের মেয়েরা সকালে স্কুল গিয়েছিল। কিন্তু স্কুল ছুটির পরেও তারা বাড়ি ফেরেনি। তিন জনই একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। পুলিশ জানায়, এর মধ্যে খোঁজখবর করতে গিয়ে এক ছাত্রীর বাবা জানতে পারেন, তারা মুম্বইগামী একটি ট্রেনের সংরক্ষিত আসনের টিকিট কেটেছে। খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে, ট্রেনটি দুপুরেই হাওড়া ছেড়ে মুম্বইয়ের দিকে রওনা দিয়েছে।
কলকাতা পুলিশের এক কর্তা জানান, এর পরেই যোগাযোগ করা হয় হাওড়া জিআরপি (রেল পুলিশ) এবং খড়্গপুর জিআরপির সঙ্গে। কারণ, হাওড়ার পরে খড়্গপুর স্টেশনে থামার কথা ছিল ট্রেনটির। ওই স্টেশনে কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি পৌঁছে যাবে, এ কথা জেনে খড়্গপুর জিআরপি-কে তিন ছাত্রী সম্পর্কে বিস্তারিত তথ্য ও ছবি পাঠানো হয়। এর পরে ট্রেন খড়্গপুরে পৌঁছলে রেল পুলিশ তাদের চিহ্নিত করে উদ্ধার করে এবং হোমে রাখার ব্যবস্থা করে।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জেনেছে, ওই তিন ছাত্রীর সঙ্গে সমাজমাধ্যমে কয়েক জনের সঙ্গে আলাপ হয়েছিল। তারা জানিয়েছিল, মুম্বই গেলে ছাত্রীদের ইউটিউবার হতে সাহায্য করবে তারা। তাই ট্রেনের টিকিট কেটে ছাত্রীরা মুম্বই যাচ্ছিল বলে অভিযোগ।