কলকাতা মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে প্রথম ও শেষ মেট্রো পরিষেবার সময় পরিবর্তন হচ্ছে। দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম স্টেশনে প্রথম মেট্রো এ বার থেকে ভোর ৬টায় পাওয়া যাবে। সল্টলেক সেক্টর ফাইভ-হাওড়া ময়দানের লাইনেও প্রথম ট্রেন ছাড়বে ভোর ৬টায়। এ ছাড়া, শেষ ট্রেনের সময়ও পিছিয়ে দেওয়া হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, আপাতত পরীক্ষামূলক ভাবে আগামী সোমবার, ২৭ জুলাই থেকে এই পরিষেবা চালু হবে। যাত্রীদের চাহিদা অনুযায়ী প্রয়োজনে এই সময়সীমাই চূড়ান্ত করে দেওয়া হবে।
সময়সীমা পরিবর্তনের কথা জানিয়ে বুধবার মেট্রো একটি বিজ্ঞপ্তি জারি করেছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ব্লু লাইনে দু’প্রান্ত থেকেই বর্তমানে সকালের প্রথম মেট্রো ছাড়ে ৬টা ৫০ মিনিটে। সোমবার থেকে তা ৫০ মিনিট এগিয়ে আনা হবে। ৬টা থেকেই মেট্রো পাওয়া যাবে। তা ছাড়া, এই লাইনে দু’প্রান্ত থেকে শেষ মেট্রো ছাড়ার সময় এখন রাত ৯টা ৪৪ মিনিট। তা বাড়িয়ে করা হচ্ছে রাত সাড়ে ১০টা। প্রতি দিন রাতে ওই সময়ে দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরাম থেকে শেষ মেট্রো ছাড়বে।
গ্রিন লাইনে হাওড়া ময়দান এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রতি দিন সকালের প্রথম মেট্রো ছাড়ে ৬টা ৩৯ মিনিটে। সোমবার থেকে এই দুই স্টেশনেও প্রথম মেট্রো পাওয়া যাবে ৬টায়। রাতে গ্রিন লাইনের দু’প্রান্ত থেকে শেষ মেট্রো এখন ছাড়ে ১০টা ৫ মিনিটে। সোমবার থেকে রাত সাড়ে ১০টায় শেষ মেট্রো ছাড়বে। আপাতত সোমবার থেকে শনিবার এই সময় অনুযায়ী মেট্রো পরিষেবা পাওয়া যাবে। রবিবারের ক্ষেত্রে এই সময়সীমা পুরোপুরি প্রযোজ্য নয়। রবিবার দুই লাইনেই সকালের প্রথম মেট্রো ছাড়বে ৯টায়। শেষ মেট্রো পাওয়া যাবে রাত সাড়ে ১০টায়।
ব্লু এবং গ্রিন লাইনে শুধু সময়সীমা নয়, পরিষেবার সংখ্যাও বৃদ্ধি করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্তমানে ব্লু লাইনে সোম থেকে শুক্রবার ২৬০টি করে পরিষেবা চলে। তা বাড়িয়ে করা হচ্ছে ২৭২টি। গ্রিন লাইনে ২২৮টি থেকে পরিষেবার সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ২৩৬টি। শনিবার ব্লু লাইনে ২৪৬টি পরিষেবা চলে। এ বার থেকে চলবে ২৫৮টি। গ্রিন লাইনে শনিবার ২০৪টির পরিবর্তে ২১২টি করে পরিষেবা চলবে। রবিবার মেট্রোর সংখ্যা তুলনামূলক অনেক কম থাকে। ব্লু লাইনে ওই দিন চলে ১৫২টি পরিষেবা। এ বার থেকে তার পরিবর্তে ১৫৮টি করে পরিষেবা ব্লু লাইনে রবিবার পাওয়া যাবে। গ্রিন লাইনে চলবে ১০৮টির পরিবর্তে ১১১টি পরিষেবা। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই পরিষেবায় এই পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। পরীক্ষামূলক পরিষেবা কত দিন চলবে, তা অবশ্য স্পষ্ট করেননি মেট্রো কর্তৃপক্ষ।