ফল বিক্রির নামে বিহারে প্রায় ৫০ লক্ষ টাকার প্রতারণা করে কলকাতায় পালিয়ে এসেছিল দুই অভিযুক্ত। শুক্রবার শেক্সপিয়র সরণি এলাকা থেকে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করল বিহার পুলিশ। ধৃতদের নাম মহম্মদ ওবায়েশ এবং মহম্মদ হুমায়ুন। শনিবার দু’জনকে তিন দিনের ট্রানজ়িট রিমান্ডে বিহারে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কলকাতার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত।
বিহার পুলিশ সূত্রের খবর, ২০২৪ সালে বিহারের নালন্দায় ওবায়েশ ও হুমায়ুন দু’জনের কাছে নিজেদের ফল ব্যবসায়ী হিসেবে মিথ্যা পরিচয় দেয়। তাঁদের কাছে ফল বিক্রির নাম করে দফায় দফায় প্রায় ৫০ লক্ষ টাকা তারা হাতিয়ে নেয়। আরও অভিযোগ, টাকা দেওয়ার পরেও ফল না পাওয়ায় প্রতারিতেরা টাকা ফেরত চাওয়ায় ওবায়েশ এবং হুমায়ুন তাঁদের হুমকি দেয়। এর পরেই প্রতারিতদের এক জন নালন্দার লহেরি থানায় অভিযোগ দায়ের করেন। তখনই ওবায়েশ এবং হুমায়ুন কলকাতায় পালিয়ে আসে। অভিযুক্তদের মোবাইল টাওয়ারের অবস্থান এবং সোর্স লাগিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের মধ্যে হুমায়ুন প্রতিবন্ধী। সে ক্রাচের সাহায্যে হাঁটে। এ দিন আদালতে ধৃতদের আইনজীবী যে কোনও শর্তে তাঁর মক্কেলদের জামিন দেওয়ার আবেদন করেন। তিনি জানান, এক অভিযুক্ত প্রতিবন্ধী। জামিন পেলে ধৃতেরা বিহারের আদালতে আত্মসমর্পণ করবে। ধৃতদের তিন দিনের ট্রানজ়িট রিমান্ডে বিহারে পাঠানোর আর্জি জানান সরকারি আইনজীবী। আদালত তা মঞ্জুর করেছে।