সিট আপডেট করে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগের দাবিতে মঙ্গলবার বিকাশ ভবন অভিযান করল ‘আপার প্রাইমারি টেট পাশ ট্রেন্ড চাকরিপ্রার্থী মঞ্চ’। এ দিন ওই সংগঠনের এক দল চাকরিপ্রার্থী করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করে আসেন। অন্য দিকে, তাঁদেরই আর একটি দল সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে নেমে বিকাশ ভবনে ঢুকতে চেষ্টা করে। পুলিশ দু’পক্ষকেই আটকে দেয়। শেষে সেন্ট্রাল পার্কের কাছে অবস্থান-বিক্ষোভ শুরু করেন ওই চাকরিপ্রার্থীরা।
২০১৬ সালে টেট উত্তীর্ণ উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের দাবি, কলকাতা গেজেট বিজ্ঞপ্তি
অনুযায়ী, ইন্টারভিউয়ের ১৫ দিন আগে পর্যন্ত শূন্যপদের সংখ্যা আপডেট করে ইন্টারভিউ নেওয়ার নিয়ম। কিন্তু তাঁদের ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করা হয়নি বলে অভিযোগ।
উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদেরই একটি দল মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থান চালাচ্ছে। এ দিন তাঁদের সেই অবস্থানের ১৬০০ দিন পূর্ণ হল। এক বিক্ষোভকারী আজহার শেখ বলেন, ‘‘সিট আপডেট করে ইন্টারভিউ নিলে আমরা সবাই ইন্টারভিউ দেওয়ার সুযোগ
পেতাম। কেন আমরা এখনও বঞ্চিত থাকব?’’
এ দিন বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখান ২০২২ সালের টেট পাশ প্রাথমিকের চাকরিপ্রার্থীরাও। তাঁরা জানান, দীর্ঘ প্রতীক্ষার পরে ১৩৪২১টি শূন্য পদে ইন্টারভিউ শুরু হয়েছে। এক চাকরিপ্রার্থী অঙ্কুর পাণ্ডে বলেন, ‘‘ক্যাবিনেট এবং অর্থ মন্ত্রক ইতিমধ্যেই ৪৪৩২টি শূন্য পদে সিলমোহর দিয়েছে। আমাদের দাবি, ১৩৪২১টি শূন্য পদের সঙ্গে ৪৪৩২টি শূন্য পদ যোগ করে মোট ১৭৮৫৩টি শূন্য পদে ইন্টারভিউ নিতে হবে।’’