যে পরিমাণ রাজস্ব আদায় হয়, তাতে বেতন ও মজুরি খাতে ঘাটতি রয়েছে প্রায় দু’কোটি টাকা। তবু অস্থায়ী পুরকর্মীদের বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত তাঁদের দৈনিক মজুরি ৫০ টাকা করে বৃদ্ধি করল কামারহাটি পুরসভা। শুক্রবার নতুন পুরপ্রধানের প্রথম বোর্ড বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কামারহাটির ৩৫টি ওয়ার্ডের নিকাশি সংস্কার ও জঞ্জাল সাফাইয়ের কাজে প্রায় ১১৮০ জন অস্থায়ী কর্মী যুক্ত রয়েছেন। ২০১৪ সাল থেকে তাঁরা দৈনিক ২৫০ টাকা করে মজুরি পাচ্ছিলেন। যার মধ্যে সরকার দেয় ২০২ টাকা এবং বাকিটা দেয় পুরসভা। প্রায় ১২ বছর ধরে মজুরি বৃদ্ধি না পাওয়ায় তার প্রতিবাদে কিছু দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন ওই অস্থায়ী কর্মীরা। এমনকি, পুরসভার মূল প্রবেশপথে আগের তৃণমূল পুরপ্রধানের ছবি ঝুলিয়েও চলেছে বিক্ষোভ। এর পরেই গোপাল সাহা পুরপ্রধানের পদ থেকে পদত্যাগ করেন। চার দিনের জন্য কাজ বন্ধ করে দেন ওই কর্মীরা। সেই সময়ে তাঁদের আশ্বাস দেওয়া হয়েছিল, মজুরি বৃদ্ধির বিষয়ে পুর কর্তৃপক্ষ চিন্তাভাবনা করবেন।
গত ৩ জুলাই পুর বোর্ড নতুন পুরপ্রধান নির্বাচিত করেছে নির্দল পুরপ্রতিনিধি সুশান্ত চট্টোপাধ্যায়কে। তিনি বলেন, ‘‘ওই দিনই সিদ্ধান্ত হয়, পরের বোর্ড মিটিংয়ে অস্থায়ী কর্মীদের দৈনিক মজুরি বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। তহবিলের সমস্যা থাকলেও ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ পুর কর্তৃপক্ষ জানাচ্ছেন, কর্মীদের ইএসআই-এ যে টাকা জমা হয়, মজুরি বৃদ্ধির ফলে তারও পরিমাণও বাড়বে।