তারাতলা-কাণ্ডের পরে বিভিন্ন বহুতলের নকশার যে সমীক্ষা শুরু করেছে রাজ্য সরকার, মোটা অঙ্কের জরিমানা-সহ তার পরিধি আরও কিছুটা বাড়ল। সোমবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, গত ৩১ মার্চ পর্যন্ত যে সব ভবন তৈরি হয়েছে, সংশ্লিষ্ট পুরসভা (কলকাতা, বিধাননগর, হাওড়া) এলাকায় সেই নকশাগুলিরও সমীক্ষা হবে। পাশাপাশি, অবৈধ পার্কিং নিয়েও কড়া অবস্থান নিচ্ছে রাজ্য। এ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকও হয়েছে।
মন্ত্রী বলেন, ‘‘৩১ মার্চ পর্যন্ত যে সব বাড়ি তৈরি হয়ে গিয়েছে, সেগুলি নিয়ে অভিযোগ এলে বা কমিটির যাচাইয়ে খুঁত ধরা পড়লে পদক্ষেপ করা হবে। সামান্য গরমিলে তা শুধরে নেওয়ার কাজ হবে। কিন্তু বড় গরমিলের ক্ষেত্রে বিপুল জরিমানা করা হবে। টাকা দিয়ে ভুল শুধরে নেওয়া যাতে রীতিতে পরিণত না হয়, তাই এই পদক্ষেপ।’’ সরকারের বক্তব্য, কলকাতার মাটি বেশ নরম। ফলে, যত তলা বাড়ির অনুমোদন রয়েছে, ততটাই গ্রাহ্য করা হবে। বিশেষজ্ঞ জাতীয় কিছু সংস্থা নিয়োগ করা হবে তারাতলার ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে। তাদের সইয়ের ভিত্তিতে কাজের অগ্রগতি নির্ভর করবে।
পাশাপাশি, বেআইনি পার্কিং নিয়ে পদক্ষেপ করছে রাজ্য। বাণিজ্যিক বহু সংস্থার গাড়ি-বাইক ফুটপাতে রাখা হচ্ছে বলে অভিযোগ আসছে নানা জায়গা থেকে। এই প্রসঙ্গে অগ্নিমিত্রা জানান, পার্কিংয়ের ব্যবস্থা করে রাখা না থাকলে কোনও ছাড় দেওয়া হবে না। তাঁর কথায়, ‘‘দমকলের ছাড়পত্র না থাকলে যেমন কাজ এগোনো যায় না, তেমনই ব্যবস্থা এ ক্ষেত্রে হবে।’’