যুবতীকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগে গ্রেফতার হল এক যুবক। সোমবার সন্ধ্যায়, গার্ডেনরিচ থানা এলাকার নেচার পার্কে। ধৃতের নাম মহম্মদ ইমরান। সে ভাগলপুরের বাসিন্দা। চাঁদা খাতুন নামে ওই যুবতী এসএসকেএমে ভর্তি। পুলিশ জানায়, ইমরানের সঙ্গে হাওড়ার লিচুবাগানের বাসিন্দা চাঁদার দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠতা ছিল। সোমবার ইমরান ভাগলপুর থেকে সরাসরি নেচারপার্কে আসে। ওখানেই দেখা হয় চাঁদার সঙ্গে। বিয়ের কথায় চাঁদা রাজি না হওয়ায় বচসা শুরু হয়। এর পরেই ইমরান ছুরি দিয়ে চাঁদার পেটে আঘাত করে বলে অভিযোগ। চাঁদার চিৎকারে ছুটে আসেন স্থানীয়েরা। তাঁরাই ইমরানকে পুলিশের হাতে তুলে দেন।