গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনায় সিভিক ভলেন্টিয়ার-সহ চার জনকে গ্রেফতার করল নারায়ণগড় থানার পুলিশ। কয়েক দিন আগে পশ্চিম মেদিনীপুরে ডহরপুর এলাকায় একটি সাইকেল চুরির ঘটনা ঘটে। সেই ঘটনায় নবীনচন্দ্র সিংহকে (২৬) সন্দেহ করে এলাকার কয়েকজন ব্যক্তি তাঁকে মারধর করেন বলে অভিযোগ। প্রাণ হারান তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম জগন্নাথ সিংহ (সিভিক ভলেন্টিয়ার), ধর্মরাজ সিংহ, রবি সিংহ এবং জগদীশ সিংহ।
পরিবারের দাবি, ওই মারধরের সময় এলাকার সিভিক ভলেন্টিয়ার জগন্নাথ সিংহ উপস্থিত ছিলেন। পরিবারের অভিযোগ, গণপিটুনির জেরেই নবীনচন্দ্রের মৃত্যু হয়েছে। রবিবার রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে নারায়ণগড় থানার পুলিশ। এর পর ঘটনার তদন্তে নেমে পুলিশ চার জনকে গ্রেফতার করে।
মৃত নবীনচন্দ্রের দাদা অভিযোগ করেন, “দিন কয়েক আগে এলাকার এক ব্যক্তির বাড়িতে সাইকেল চুরি হয়। সেই সন্দেহে এলাকার কয়েকজন আমার ভাইকে মারধর করে। তাঁদের মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ারও ছিল। সেই মারধরের ফলেই আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।”
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চারজনকে সোমবার খড়্গপুর আদালতে তোলা হলে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।