যোগ শেখানোর নাম করে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির কয়েক জন ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল স্কুলের ক্রীড়া শিক্ষকের বিরুদ্ধে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর-২ ব্লকের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন অভিযুক্ত। বেলিয়াবেড়া থানার পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে ওই শিক্ষকের আচরণের শিকার হচ্ছিল ছাত্রীরা। বিষয়টি নিয়ে ভয়ে কেউ মুখ খোলেনি। সম্প্রতি কয়েক জন অভিভাবক বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে জানিয়েছিলেন। অভিভাবকদের অভিযোগ, বিষয়টি জানানোর পরেও তা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না করে তাঁদের চুপ করে থাকতে বলে প্রধান শিক্ষক।
পরবর্তী সময়ে বিষয়টি এলাকায় জানাজানি হলে বুধবার কয়েক জন অভিভাবক স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কাছে এর কারণ জানতে চান। তাঁদের সঙ্গে ছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যেরাও। এর পর অভিযুক্ত শিক্ষককে স্কুলে ডেকে তাঁর কাছে অভিযোগের বিষয়ে জানতে চান অভিভাবকেরা। তা নিয়ে স্কুল চত্বরে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে বেলিয়াবেড়া থানার পুলিশ স্কুলে পৌঁছে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।
ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা বলেন, “শিক্ষকের এই আচরণকে কেন্দ্র করে একটা অভিযোগ সামনে আসে। ছাত্রীরা অবাঞ্ছিত স্পর্শ বা ‘ব্যাড টাচের’ অভিযোগ করে। অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’