E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

মোদী-দিনে বাড়তি ঝালমুড়িও

খড়্গপুরের কৌশল্যায় অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী দিলীপ। সেখানে কর্মসূচি নিয়ে গোলও বেধেছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩৫
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেজে উঠল ঝাড়গ্রাম জেলাশাসকের দফতর চত্বর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেজে উঠল ঝাড়গ্রাম জেলাশাসকের দফতর চত্বর। নিজস্ব চিত্র।

‘দিয়া জ্বালাও...’।

প্রশাসক নরেন্দ্র মোদীর ২৫ বছর পূর্তিতে জ্বলল প্রদীপ। গেরুয়াময় হল সরকারি ভবন। সূচনা হল ‘সেবা সংকল্প অভিযানে’র। বৃহস্পতিবার, পশ্চিম মেদিনীপুরে নানা কর্মসূচিতে পালিত হল প্রধানমন্ত্রীর জন্মদিন। ঝাড়গ্রামে ছিল ঝালমুড়ির ‘ অফার’। মেদিনীপুরের বটতলাচকের কাছেও ঝালমুড়ির দোকান হয়েছিল।

এ দিন মেদিনীপুরে কালেক্টরেট-সহ জেলার বিভিন্ন সরকারি ভবনে আলোকসজ্জা হয়েছে। সকালে মেদিনীপুরে প্রদীপ বিলি করেছেন মন্ত্রী দিলীপ ঘোষ। বলেছেন, “ভগবানের কাছে ওঁর (মোদী) সুস্থ এবং সফল জীবন প্রার্থনা করছি।” সন্ধ্যায় কর্মসূচি হয়েছে মেদিনীপুরে, কংসাবতীর গান্ধীঘাটে। ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণ, জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা, সাংসদ জুন মালিয়া, বিধায়ক শঙ্কর গুছাইত প্রমুখ। বন দফতরের তরফে জেলায় ‘সেবা সংকল্প অভিযানে’ নানা কর্মসূচি হয়েছে। সন্ধ্যায় প্রতি রেঞ্জ ও বিট অফিসে জ্বালানো হয়েছে মোদীর ‘মঙ্গল প্রদীপ’। ঘাটালের মহকুমাশাসক অনন্য জানা তাঁর দফতরে অভিযানের সূচনা করেন। ঘাটালের বীরসিংহ স্মৃতি মন্দির-সহ বিভিন্ন মন্দির, ব্লক, পুরসভাগুলিতে সেবা সংকল্পের বিভিন্ন কর্মসূচি হয়েছে।

খড়্গপুরের কৌশল্যায় অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী দিলীপ। সেখানে কর্মসূচি নিয়ে গোলও বেধেছে। বিজেপির মহিলা মোর্চার সম্পাদক জুবিলি সরকার বলেন, “মোদীজির জন্মদিনে মহিলা মোর্চার তরফে আমরা কর্মসূচি করেছি। পুরসভার কোনও আয়োজন দেখছি না। এখানে দিলীপদা ছিলেন।” যদিও পুরপ্রধান কল্যাণী ঘোষের দাবি, “কৌশল্যায় আমাদের তরফে যে কর্মসূচি হচ্ছে সেখানে দিলীপ ঘোষ ছিলেন। আমরা যাবতীয় কাজ করেছি।”

মাদপুর মনসা মন্দির এলাকায় সরকারি প্রকল্পের উপভোক্তারা প্রায় ১২ হাজার প্রদীপ জ্বালান। ছিলেন পিংলার বিধায়ক ও বিডিও। বিডিও শুভদীপ টিকাদার বলেন, “মনসা মন্দিরে সবচেয়ে বড় কর্মসূচি হয়েছে। ড্রোন উড়িয়ে এই সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়েছে।” কেশিয়াড়িতে মিছিল করে ‘অন্নপূর্ণা দিবস’ পালন করেছে বিজেপি। ছি নারায়ণগড়ের বিধায়ক রমাপ্রসাদ গিরি ব্রহ্মাণী মন্দিরে পুজো দেন।

ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী। তার পরেই প্রচারে এসেছিলেন ঝাড়গ্রামের বিক্রমকুমার সাউ। এ দিন বাড়িতে প্রধানমন্ত্রীর ছবিতে পুজো করেন বিক্রম। বিক্রম বলেন, “প্রধানমন্ত্রীর জন্মদিনে সকলকে অতিরিক্ত ঝালমুড়ি দিচ্ছি। মোদীজির জন্য সকলে আমাকে চিনেছেন। তিনি আমাদের কাছে দেবতা।” এ দিন সকালে ঝাড়গ্রামের সাবিত্রী মন্দিরে পুজো দেন বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। জেলা কালেক্টরেটে রাতে অনুষ্ঠান হয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
midnapore

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy