সরকারি জমির বেআইনি দখলদার উচ্ছেদে উঠেপড়ে লেগেছে রাজ্যের নতুন বিজেপি সরকার। বুলডোজ়ার নামিয়ে চলছে অভিযান। খাসজমি বা অনুমতি ছাড়া ব্যক্তিগত জমিতেও দলীয় কাযার্লয় করা যাবে না বলে ষ্পষ্ট নির্দেশ দিয়েছে রাজ্য বিজেপি। অথচ পূর্ত দফতরের জমিতে একটি পুরনো নির্মাণ দখল করে বিজেপির বুথ কার্যালয় তৈরির অভিযোগ উঠল স্থানীয় মণ্ডল সভাপতি-সহ দলীয় কর্মীদের বিরুদ্ধে।
পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ওই ঘটনায় শোরগোল পড়েছে। ওই বিজেপি কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। দলীয় নেতৃত্বকে সতর্ক করে ঘটনার খোঁজ নিচ্ছে ঘাটাল সাংগাঠনিক জেলা বিজেপিও। দলের ঘাটাল সাংগাঠনিক জেলা সভাপতি তন্ময় দাসের বক্তব্য, “সরকারি জমিতে দলের পার্টি অফিস করা যাবে না। দাসপুরের বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। সতর্কও করা হয়েছে। ঘটনা ঠিক হলে কড়া পদক্ষেপ হবে।”
স্থানীয় সূত্রে খবর, গৌরা গোবিন্দনগরে মূল সড়কের পাশে কয়েক বছর আগে স্থানীয় এক বাসিন্দা ঘর তুলেছিলেন। সম্প্রতি পদ্ম পতাকা টাঙিয়ে সেই ঘরের দখল নিয়ে কার্যালয় খোলা হয়। এ ক্ষেত্রে যাঁর বিরুদ্ধে অভিযোগ, বিজেপির সেই দাসপুর-২ মণ্ডল সভাপতি সমীর প্রামাণিকের অবশ্য ব্যাখ্যা, “পূর্ত দফতরের জমিতে ওই ঘর রয়েছে ঠিক। কিন্তু এত দিন ব্যবহার হয়নি। ফাঁকা ছিল। তাই সেখানে বসে মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে। কিছু দখল করা হয়নি।”
যদিও স্থানীয় সূত্রে দাবি, ঘাটাল-পাঁশকুড়া সড়কের পাশে গৌরা গোবিন্দনগর বাজারে দু’দিন আগেই বিজেপির ওই কার্যালয় তৈরি হয়েছে। ওই ঘর এক সময় স্থানীয় বাসিন্দা মনোজিৎ মান্না তৈরি করেছিলেন। ইটের নির্মাণ ছিল। তবে ছাউনি ছিল না। রাতারাতি টিনের ছাউনি দিয়ে মাথা তুলেছে বিজেপি কার্যালয়। মনোজিৎ বলেন, “রাস্তার উপরেই আমাদের নিজস্ব জমি, বাড়ি রয়েছে। এখন তার সামনে বিজেপির কার্যালয় তৈরি হয়েছে। পুলিশে অভিযোগ হয়েছে।” পুলিশ জানিয়েছে, তদন্তে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।