গত সপ্তাহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, কাঁথির অদূরে জুনপুটে ডিআরডিও-কে জমি দিচ্ছে রাজ্য সরকার। সেখানে তারা একটি বড় প্রকল্প গড়ে তুলতে চায়। এর ক’য়েক দিন পরেই মঙ্গলবার প্রস্তাবিত প্রকল্প এলাকার জমি ঘুরে দেখলেন দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-র (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) প্রতিনিধিরা।
এ দিন সকালে ডিআরডিওর প্রতিনিধিরা কাঁথি-১ ব্লকের জুনপুটে যান। সঙ্গে ভূমি দফতরের আধিকারিকেরা ছিলেন। তাঁদের স্থানীয় মৎস্যজীবীদের একটি প্রস্তাবপত্র হাতে তুলে দেন বিজেপি পরিচালিত মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপকুমার কুণ্ডু। তিনি বলেন, ‘‘স্থানীয় মৎস্যজীবীরা তাঁদের জীবন এবং জীবিকা নিয়ে চিন্তিত। আগে যেখানে লঞ্চিং প্যাড তৈরি হয়েছে তার দক্ষিণ দিকে একটি খাল রয়েছে। সেই খালের দক্ষিণ দিকে অন্তত ২৫ একর জায়গা রয়েছে। সেখানেই ডিআরডিও-র আবাসন, অফিস-সহ বিভিন্ন পরিকাঠামো গড়ে উঠুক। তা হলে অসুবিধা হবে না।’’
প্রসঙ্গত, ২০০৬ সালে জুনপুটের কাছে হরিপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলতে চেয়েছিল তৎকালীন রাজ্য সরকার। কিন্তু স্থানীয়দের লাগাতার আন্দোলনে সে সময় পিছু হটে বাম সরকার। ঘটনাচক্রে সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই ডিআরডিও-র নতুন প্রকল্প এগিয়ে নিয়ে যেতে অতিরিক্ত সতর্ক বিজেপি সরকার। ২০২৪ সালে জুনপুটে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় তৃণমূল কর্মীদের বাধায় তা সফল হয়নি। তার আগে ওই এলাকায় ডিআরডিও-কে ৮.৭৩ একর জমি দিয়েছিল বিগত রাজ্য সরকার।