প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেনা সোনার ঝাড়ু দিয়েই রথ-সড়ক সাফ করে এ বার দিঘায় জগন্নাথের রথযাত্রার সূচনা করবেন প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে দিঘায় ‘শ্রী শ্রী জগন্নাথ সংস্কৃতি চর্চা কেন্দ্রে’র প্রথম রথযাত্রা হবে আগামী ১৬ জুলাই। ইতিমধ্যে তার প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে।
ট্রাস্ট কমিটি সূত্রের খবর, রথযাত্রার সূচনা করে শিশিরকে আমন্ত্রণ জানানো হয়েছে। রীতি অনুযায়ী, মন্দিরের ২ নম্বর গেটের সামনে রথ-সড়ক সোনার ঝাড়ু দিয়ে আগে পরিষ্কার করা হয়। তারপরে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথদেবের রথ মাসির বাড়ির উদ্দেশে রওনা দেয়। গত বছর মন্দির উদ্বোধনের পর সেই স্বর্ণ-ঝাড়ু দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা। ব্যয় হয়েছিল ৫ লক্ষ টাকা। এ বার সেই ঝাড়ুই উঠবে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর বাবার হাতে।
জগন্নাথ মন্দিরের ট্রাস্ট কমিটির অন্যতম সদস্য রাধারমণ দাস মানছেন, ‘‘প্রাক্তন সাংসদ শিশির অধিকারী রথযাত্রার সূচনা করবেন। তিনিই স্বর্ণ ঝাড়ু দিয়ে রথ-সড়ক পরিষ্কার করবেন।’’ এ বছর রথে রাজবেশে সাজানো হবে তিন বিগ্রহকে। থাকবে পুরী থেকে আনানো বিশেষ মুকুট।
জেলার প্রাচীন ঐতিহ্যবাহী মহিষাদলের রথের প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে। স্বচ্ছতা বজায় রাখতে দরপত্র আহবান করে রথের মেলা বসানোর দায়িত্ব পেয়েছে নতুন মেলা কমিটি। মহিষাদল ব্লক প্রশাসনের উদ্যোগে এই মেলা বসে। এ বছর দরপত্র প্রক্রিয়ায় চার জন অংশ নেন। কমিটি সূত্রের খবর, বিগত বছরগুলিতে যে সংস্থা দায়িত্ব পেয়েছিল, এ বার তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। বাকিদের মধ্যে থেকে একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ৫৬ লক্ষ টাকা দিতে রাজি হয়েছে।
জেলার প্রাক্তন বিজেপি জেলা সভাপতি প্রদীপকুমার দাসের দাবি, ‘‘অতীতে মেলা বসানোর নামে লক্ষ লক্ষ টাকা লুট হয়েছে। কোনও টাকা পঞ্চায়েত সমিতির তহবিলে জমা পড়েনি। তবে, এ বার বিপুল আয় নিশ্চিত করেছে নতুন কমিটি।’’