কয়লা বোঝাই মালগাড়ি লাইনচ্যুত পশ্চিম মেদিনীপুরে। রবিবার বিকেল ৪টে নাগাদ দুর্ঘটনাটি হয়েছে বেনাপুর এবং নারায়ণগড়ের মাঝে রামপুরা এলাকায়।
রেল সূত্রে খবর, খড়্গপুরগামী ওই মালগাড়িটির বেশ কয়েকটি বগি লাইন থেকে সরে যাওয়ায় মিডল এবং ডাউন লাইনে কিছুটা ক্ষতি হয়েছে। দুর্ঘটনার ফলে দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের ওড়িশা এবং খড়্গপুর হয়ে হাওড়াগামী বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তবে আপ লাইনে কোনও ক্ষতি হয়নি। সেখানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন:
দুর্ঘটনার খবর পেয়ে খড়্গপুর থেকে উদ্ধারকারী দল এবং রেলের আধিকারিকেরা ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন। জানা গিয়েছে, মালগাড়িটি আসছিল ওড়িশা থেকে। রামপুরার কাছে হঠাৎই লাইনচ্যুত হয়ে পড়ে। লাইন থেকে ছিটকে পড়ে বগি। ছড়িয়ে ছিটিয়ে পড়ে কয়লা। খবর পেয়ে রেল পুলিশ, জিআরপিএস এবং নারায়ণগড় থানার পুলিশ পৌঁছেছে।