দিন কয়েক আগেও জলে ডুবেছিল দাসপুরের একাংশ। জল-পরিস্থিতি শুধরেছে। দাসপুরের আকাশে এখন পুজোর গন্ধ।
প্রতিবার পুজোয় আলোয় সাজে দাসপুর। মণ্ডপ সজ্জায় থিমের ছড়াছড়ি তো থাকেই। এ বারও ব্যতিক্রম হয়নি। কোথাও উঠে আসছে মহেঞ্জোদরো সভ্যতা, কোথাও ‘মুভিং ওয়ার্ল্ড’। মণ্ডপ ভাবনায় অর্ধেক আকাশ থেকে ত্রিশক্তি। উদ্যোক্তারা জানাচ্ছেন, আজ চতুর্থী, থেকেই পুজোর উদ্বোধন শুরু হবে।
দাসপুরে সোনাখালি স্কুল পাড়া সর্বজনীনের ভাবনা, ‘নারী তুমি অর্ধেক আকাশ’। নারীদের শিক্ষা, অধিকার, নিরাপত্তার কথায় তুলে ধরছেন উদ্যোক্তারা। সোনাখালি বাজার পুজো কমিটির ভাবনায় ‘ত্রিশক্তি’। সমাজে নারীদের প্রাসঙ্গিকতা তুলে ধরতে ও সম্মান জানাতে মণ্ডপে থাকছে দেশের নানা ক্ষেত্রে কৃতী মহিলাদের ছবি। দাসপুরের কৈগেড়িয়া সর্বজনীন পুজো কমিটির থিম, ‘দা মুভিং ওয়ার্ল্ড’। চাঁইপাট সর্বজনীনে উঠে আসছে ভূসর্গের এক মন্দির।
পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাবের থিম ‘মহেঞ্জোদরো’। সে সভ্যতার সব নগরজীবনের ব্যবহৃত সামগ্রী তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জায়। মণ্ডপ ভাবনায় বর্ধমান আর্ট কলেজের রঙ্গাজীব রায়।
লঙ্কাগড় (নাড়াজোল) সর্বজনীন পুজো কমিটির মন্দিরের আদলে মণ্ডপ। পাট, বাঁশ, কাঠ, গাছের গুঁড়ি, কাপড় দিয়ে তৈরি মণ্ডপ থাকছে সাবেকি প্রতিমা। দাসপুরের কলাইকুন্ডু চতুর্মুখ দুর্গোৎসব কমিটির ভাবনা, ‘সৃষ্টির ছন্দে কৃষ্ণময় আলো’। মণ্ডপের বাইরে বিভিন্ন শিল্পের মাধ্যমে আলোকময় রূপ তুলে ধরা হয়েছে।