দেশের আইআইটিতে গত কয়েকবছরে একের পর এক পড়ুয়া ও অধ্যাপকের অপমৃত্যু বিড়ম্বনায় ফেলেছে কর্তৃপক্ষকে। চলছে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। পড়ুয়া থেকে কর্মীদের মন ভাল রাখতে নানা কৌশল নেওয়া হচ্ছে। এই আবহে আইআইটি খড়্গপুরের ৭৫তম বর্ষপূর্তির অনুষ্ঠানে এসে ‘জীবনযাপনের কৌশল’ শেখালেন ‘আর্ট অব লিভিং’-এর প্রতিষ্ঠাতা রবি শঙ্কর। সেই মঞ্চেই কর্মীদের মন জয়ে ‘স্টাফ ডেভেলপমেন্ট ফান্ড’ ঘোষণা করলেন ডিরেক্টর।
মঙ্গলবার খড়্গপুর আইআইটি প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে পালিত হয়। গত বছর থেকেই প্রতিষ্ঠানের ৭৫তম বর্ষের সূচনা হয়েছিল। এ দিনে নেতাজি অডিটোরিয়ামের অনুষ্ঠানের আগে রবি শঙ্কর আলোচনাচক্রেও যোগ দেন। এসেছিলেন আইআইটির প্রাক্তনী ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণ। কী ভাবে ভাল থাকা যায়, তার নিদান দেন রবিশঙ্কর। বক্তব্য রাখতে গিয়ে স্মৃতিরোমন্থন করেন ভি নারায়ণ। এই প্রতিষ্ঠানেই এমটেক ও গবেষণা করেছেন জানিয়ে ইসরোর চেয়ারম্যান বলেন, “১৯৮৮সালে এমটেক করতে এসেছিলাম। তখন এই প্রতিষ্ঠানের হিজলি সংশোধনাগারের সামনে দাঁড়িয়ে অনুভব করেছিলাম, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকূলতা। তখনই শপথ নিয়েছিলাম, দেশের জন্য নিজেকে উৎসর্গ করব।” তিনি জুড়েছেন, “আজকে যে আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছি এই জ্ঞানের মন্দিরে, তার পিছনে মা-বাবা, প্রাথমিক বিদ্যালয় যেমন রয়েছে, তেমন ৮০ শতাংশ কৃতিত্ব রয়েছে এই প্রতিষ্ঠানের।”
এ দিন প্রতিষ্ঠানের জন্য নানা সুখবর শুনিয়েছেন ডিরেক্টর সুমন চক্রবর্তী। পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের অন্যতম ‘স্টাফ ডেভেলপমেন্ট ফান্ড’ বা ‘এসডিএফ’ চালু করা। আগে থেকেই অধ্যাপকদের গবেষণার উন্নতিতে ‘ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট ফান্ড’ ছিল বলে জানান সুমন। এ বার কর্মীদের জন্য এই তহবিলের কথা ঘোষণা করেন তিনি। সুমনবলেন, “ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট ফান্ডের তুলনায় এই স্টাফ ডেভেলপমেন্ট ফান্ড একটু আলাদা। আমাদের প্রতিষ্ঠানের কর্মীদের নিয়োগ, গবেষকদের নিয়োগ থেকে ইউটিলাইজেশন সার্টিফিকেট, আড়ালে থেকে যারা নিরলস পরিশ্রম করেন তাঁরা আমাদের কর্মীবল। তাই প্রতিষ্ঠানের আয়ের থেকে কিছু অংশ কর্মীদের দিতেই এই তহবিল।” গত কয়েক মাসে আইআইটি ৩৪টি বাছাই কমিটির মাধ্যমে ২১৬জন নতুন শিক্ষক নিয়োগ করা হয়েছে বলে জানান তিনি।
আইআইটির ক্যাম্পাসে যোগাযোগের সুবিধায় বাস পরিষেবা চালুর পাশাপাশি বাস স্ট্যান্ড, ই-বাইক স্ট্যান্ড, ই-টিকিটের মতো পরিষেবার সূচনাও হয়েছে এ দিন।