জেলাগুলিতে যে অচল ইভিএম রয়েছে, সেগুলি হায়দরাবাদের ইসিআইএলে (ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড) পাঠানো হচ্ছে। মেরামতের জন্য। ওই সংস্থার কারখানাতেই ইভিএমগুলি তৈরি হয়েছিল।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে সম্প্রতি সব জেলার জেলা নির্বাচনী আধিকারিকের দফতরে এ নিয়ে চিঠি পাঠানো হয়েছে। অচল ইভিএমগুলি হায়দরাবাদের ওই সংস্থার কারখানায় ফেরত পাঠানোর ক্ষেত্রে কী করণীয়, চিঠিতে তা জানানো হয়েছে। ওই দফতর সূত্রে খবর, এ ক্ষেত্রে একাধিক জেলাকে একত্রিত করে অচল ইভিএমগুলি ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামকে যেমন একত্রিত করা হয়েছে। এই তিন জেলার ক্ষেত্রে স্থানান্তরের বিষয়টির দেখভালে ‘নোডাল জেলা’ হিসাবে পূর্ব মেদিনীপুরকে চিহ্নিত করা হয়েছে। এই জেলার দু’জন আধিকারিকের নামও জানতে চেয়েছে দফতর। তা পাঠানোও হয়েছে। সব ঠিক থাকলে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম থেকে শুরুতে অচল ইভিএম যাবে পূর্ব মেদিনীপুরে। সেখান থেকে মেদিনীপুরের তিন জেলার অচল ইভিএম যাবে হায়দরাবাদের ওই সংস্থার কারখানায়।
ইভিএমের সিইউ (কন্ট্রোল ইউনিট), বিইউ (ব্যালট ইউনিট) রয়েছে। পাশাপাশি ভিভিপ্যাটও রয়েছে। সব ঠিক থাকলে এই তিন জেলার মোট ১,৯১৯টি মেশিন ফেরত যাওয়ার কথা। এরমধ্যে বিইউ ৩০১টি, সিইউ ৬০৪টি এবং ভিভিপ্যাট ১,০১৪টি। পশ্চিম মেদিনীপুর থেকে বিইউ ১২১টি, সিইউ ১৯৮টি, ভিভিপ্যাট ৩৩৩টি যাওয়ার কথা। পূর্ব মেদিনীপুর থেকে যাওয়ার কথা বিইউ ১৫৫টি, সিইউ ৩১৫টি, ভিভিপ্যাট ৪৮৩টি। ঝাড়গ্রাম থেকে যাওয়ার কথা বিইউ ২৫টি, সিইউ ৯১টি, ভিভিপ্যাট ১৯৮টি। সব ঠিক থাকলে অচল ইভিএম বোঝাই লরি পূর্ব মেদিনীপুর থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা দিতে পারে ১১ সেপ্টেম্বর। সেখানে পৌঁছতে পারে ১৪ সেপ্টেম্বর। সেখান থেকে খালি লরি ফের পূর্ব মেদিনীপুরে ফিরে আসতে পারে ১৭ সেপ্টেম্বর।
সূত্রের খবর, এই পর্বে রাজ্যের বিভিন্ন জেলা থেকে সব মিলিয়ে ১৪,৫১৯টি অচল মেশিন ফেরত যাওয়ার কথা। এরমধ্যে বিইউ ২,৩১৫টি, সিইউ ৪,৫৭১টি, ভিভিপ্যাট ৭,৬৩৩টি। জেলাগুলিকে জানানো হয়েছে, নির্ধারিত দিনের অন্তত একদিন আগে অচল ইভিএমগুলি ফেরত পাঠানোর জন্য জন্য প্রস্তুত রাখতে হবে। পশ্চিম মেদিনীপুরের এক নির্বাচন আধিকারিক বলেন, ‘‘নির্দেশানুযায়ী পদক্ষেপ হবে।’’