Advertisement
E-Paper

লালগড়ে বৃদ্ধাকে শুঁড়ে তুলে আছড়ে মারল হাতি! পশ্চিম মেদিনীপুরের মাঠে রহস্যজনক ভাবে মৃত্যু আর এক হাতির

রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার ঝিটকা বিটের বীরবাহানপুর এলাকায় হাতির হানায় মৃত্যু হয় এক বৃদ্ধার। অন্য দিকে,গুড়গুড়িপালে একটি হাতি মারা গিয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৬ ১৯:০৮
Elephant

গুড়গুড়িপালে একটি মাঠে মৃত অবস্থায় পড়ে ছিল পুরুষ হাতিটি। —নিজস্ব চিত্র।

জঙ্গলমহলে এক জায়গায় হাতির হানায় প্রাণ হারালেন এক বৃদ্ধা। অন্য জায়গায় অস্বাভাবিক ভাবে মৃত্যু হল এক হাতির।

বন দফতর সূত্রে খবর, রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার ঝিটকা বিটের বীরবাহানপুর এলাকায় হাতির হানায় মৃত্যু হয়েছে পার্বতী দেব সিংহ নামে ৭৫ বছরের এক বৃদ্ধার। ভোর ৫টা নাগাদ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন বৃদ্ধা। সেই সময় ওই এলাকা দিয়ে চারটি হাতি যাচ্ছিল। তাদের সামনে পড়ে যান বৃদ্ধা। তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ওই দলের একটি হাতি তাঁকে শুঁড়ে তুলে আছাড় মারে।

গুরুতর আহত হয়েছিলেন পার্বতী। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বন দফতরের এক আধিকারিক বলেন, ‘‘ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক সাহায্য দেওয়া হবে মৃতার পরিবারকে।’’

অন্য দিকে, পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার চাঁদরা রেঞ্জের ঝরিয়াশোল এলাকায় একটি হাতির মৃত্যু হয়েছে। ধান জমিতে পড়ে ছিল ওই হাতিটি। বন দফতর সূত্রে খবর, ৩-৪ বছর বয়সি পুরুষ হাতিটি অসুস্থ ছিল কি না, তা খতিয়ে দেখছেন চিকিৎসক এবং বন দফতরের আধিকারিকেরা। জলকাদায় হাতিটি পড়ে থাকতে দেখে স্থানীয়েরা খবর পাঠিয়েছিলেন বন দফতরে। ঘটনাক্রমে হাতিটির দেহ উদ্ধার করা হয়েছে। শুরু হয় ময়নাতদন্তের তোড়জোড়।

ওই এলাকায় ৩০-৩৫টি হাতির একটি দল রয়েছে। ময়নাতদন্তের পর বছর চারেকের হাতিটির মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে বন দফতর।

elephant attack Elephant Death

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy