Advertisement
E-Paper

সিপিএমের কর্মসূচি শেষে গন্ডগোল, পার্টি অফিসে ভাঙচুর, আগুন লাগানোর অভিযোগ চন্দ্রকোনায়! অভিযুক্ত বিজেপি

পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ করে বিজেপিকে কটাক্ষ করেছেন শতরূপ ঘোষ। তিনি বলেন, ‘‘ভুল করেছে ওরা। ইডি-সিবিআই দফতরে আগুন দিলে নারদা-সারদার ফাইল পুড়ত।’’

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫০
Chandrakona CPM-BJP Clash

সিপিএমের পার্টি অফিসে আগুন! —নিজস্ব চিত্র।

সিপিএম মিছিল করার পর তাদের কার্যালয়ে গিয়ে ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। সোমবার এ নিয়ে সরগরম পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা।

চন্দ্রকোনা রোডে সিপিএমের মিছিলকে কেন্দ্র করে বিজেপির তাণ্ডব চালানোর অভিযোগ সিপিএমের। চন্দ্রকোনা রোড সিপিএম পার্টি অফিসে হামলার পাশাপাশি ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অন্য দিকে, খড়গপুর গ্রামীণের মাদপুরে সিপিএমের কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ করেছে বিজেপির বিরুদ্ধে। যদিও সম্পূর্ণ ভাবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।

সোমবার সকালে চন্দ্রকোনা রোডে মিছিল এবং সমাবেশের আয়োজন করেছিল সিপিএম। এসআইআরে নাম বাদ দেওয়া, দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং সকল মহিলাকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার দাবি নিয়ে ওই কর্মসূচি। আয়োজকের ভূমিকায় ছিল সিপিএমের চন্দ্রকোনা রোড এবং বহরাশোল এরিয়া কমিটি। অভিযোগ, মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে বিনা প্ররোচনায় হামলা চালায় বিজেপি। কয়েক জন হামলাকারী চলে যান সিপিএম কার্যালয়ে। ভাঙচুর চালিয়ে জিনিসপত্র বাইরে ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। একই ভাবে খড়্গপুর গ্রামীণ এলাকার মাদপুরেও সিপিএমের কর্মসূচিতে অশান্তি পাকানোর অভিযোগ উঠেছে বিজেপির। দুই ক্ষেত্রেই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে তারা।

চন্দ্রকোনায় দলীয় কর্মসূচিতে ছিলেন পশ্চিম মেদিনীপুরের সিপিএম জেলা সম্পাদক বিজয় পাল, প্রাক্তন জেলা সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ, রাজ্য নেতা শতরূপ ঘোষ প্রমুখ। সেখানে গন্ডগোলের খবর পেয়ে গড়বেতা থানার পুলিশ বাহিনী পৌঁছোয়। শতরূপ কটাক্ষ করে বলেন, ‘‘বোকার মতো আমাদের পার্টি অফিসে আগুন লাগাতে গেল। এগুলো না করে যদি ইডি, সিবিআই অফিসে আগুন লাগাত, তা হলে শুভেন্দুর সারদা, নারদার কয়েকটা ফাইল পুড়ত। আমাদের পার্টি অফিসে আগুন লাগিয়ে কী হবে? আমাদের মিছিল করার ছিল, করে নিয়েছি। বাকিটা যা বুঝে নেওয়ার বুঝে নেব।’’ অন্য দিকে, বিজেপির ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক গৌতম কৌরির দাবি, প্রচার পেতে সিপিএম নিজেরাই গন্ডগোল করেছে। তিনি বলেন, ‘‘আজ চন্দ্রকোনা রোডে সিপিএমের কর্মসূচি ছিল। মিছিল শেষে নিজেরাই তাণ্ডব চালিয়েছে। ওদের পার্টি অফিসে রান্না চলছিল। সেখান থেকে আগুন লেগে থাকতে পারে। ওই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। বিজেপিকে জড়ানোর চেষ্টা করছে সিপিএম। লাভ হবে না।’’

CPM BJP Chandrakona Paschim Midnapore

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy