Advertisement
E-Paper

তারের জঞ্জাল থেকে মুক্তি, এ বার মাটির তলা দিয়ে বিদ্যুৎ পৌঁছোবে মেদিনীপুর শহরে

আর নয় তারের জঞ্জাল! মেদিনীপুরে এ বার বিদ্যুৎ পৌঁছোবে মাটির নীচ দিয়ে। ১৭০ কোটি ২৮ লক্ষ টাকার প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২৫
মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত।

মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত। গ্রাফিক : আনন্দবাজার ডট কম।

রাস্তা জুড়ে অসংখ্য খুঁটি আর তারের জঞ্জাল থেকে এ বার মুক্তি পেতে চলেছে মেদিনীপুর পুরসভা। সল্টলেক, নিউ টাউনের মতো মেদিনীপুর শহরেও এ বার মাটির নীচে দিয়ে বিদ্যুতের লাইন পাতার সিদ্ধান্ত রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পের জন্য ১৭০ কোটি ২৮ লক্ষ টাকা বরাদ্দ করেছেন।

আগামী দিনে দ্রুত কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন মেদিনীপুর শহরের বিধায়ক শঙ্কর গুছাইত। ঝড়বৃষ্টি বা দুর্ঘটনায় খুঁটির ক্ষতি হলে বা তার ছিঁড়ে এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ার মতো বিপত্তি যাতে এড়ানো যায় এবং বিদ্যুৎস্পৃষ্ট সংক্রান্ত দুর্ঘটনাও যাতে বন্ধ হয়, সেজন্য বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে এনেছিলেন বিধায়ক শঙ্কর গুছাইত। মুখ্যমন্ত্রী তাঁর আবেদনে সাড়া দিয়ে অর্থ মঞ্জুর করেছেন।

এই প্রকল্পটিকে মেদিনীপুরের উন্নয়নে এক ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বলে দাবি করেছেন বিধায়ক। একই সঙ্গে প্রকল্পটির অর্থ মঞ্জুরির জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

মাটির নীচে দিয়ে বিদ্যুতের তার পাতলে কমবে দৃশ্যদূষণ এবং একই সঙ্গে উন্নত হবে বিদ্যুৎ পরিষেবা। সৌন্দর্যায়ন বা রাস্তা চওড়া করে নাগরিক সুবিধা বাড়ানোর সুযোগও বাড়বে। বিধায়কের মতে, এই প্রকল্প মেদিনীপুর শহরে ‘নিরাপদ বিদ্যুৎ’ সুনিশ্চিত করবে এবং ‘দুর্ঘটনামুক্ত, সুন্দর ও আধুনিক মেদিনীপুর’ গড়ে তুলতে সাহায্য করবে।

midnapore Suvendu Adhikari Underground Cable

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy