বেআইনি ভাবে ভারতে ঢুকেছেন। এই অভিযোগে ধৃত দুই বাংলাদেশি নাগরিককে আদালতে নিয়ে যাচ্ছিল পুলিশ। কিন্তু প্রায় মাঝপথে পুলিশের গাড়ি থেকেই পালিয়ে গেলেন দু’জন। শোরগোল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে।
পুলিশের একটি সূত্রে খবর, বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ থানা এলাকা থেকে বাংলাদেশি সন্দেহে মোট পাঁচ ব্যক্তিকে আটক করা হয়। নথিপত্র যাচাইয়ের সময় দেখা যায়, ধৃতদের আনারুল শেখ এবং মোহাম্মদ রুবেল শেখ আদতে বাংলাদেশের বাসিন্দা। তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। ভারতে ঢোকার বৈধ কাগজপত্র না মেলায় গ্রেফতার করা হয় দু’জনকেই।
শুক্রবার বেলা ১২টা নাগাদ ধৃতদের গাড়িতে তুলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ রওনা দেয় জঙ্গিপুর মহকুমা আদালতের দিতে। মাঝপথে প্রয়োজনীয় কিছু কাগজপত্রের ফোটোকপি করানোর জন্য গাড়ি দাঁড় করায় পুলিশ। এক পুলিশকর্মী গাড়ি থেকে নেমে দোকানে যান। সেই সুযোগেই দুই বাংলাদেশি গাড়ি থেকে নেমে চম্পট দেন বলে খবর। প্রায় সঙ্গে সঙ্গে তাঁদের ধাওয়া করা হয়েছিল। খবর পেয়ে রঘুনাথপুর থানার পুলিশ বাহিনী পাঠায়।
আরও পড়ুন:
তার পর বেশ কিছুক্ষণের চেষ্টায় আনারুল নামে যুবককে ধরতে সক্ষম হয়েছে পুলিশ। তবে অপর অভিযুক্ত রুবেলকে এখনও ধরা যায়নি। তিনি খড়খড়ি নদী পেরিয়ে গোপালনগর এলাকার একটি ঘন জঙ্গলে ঢুকে পড়েন বলে পুলিশের দাবি। তার পর কয়েক ঘণ্টা কেটে গিয়েছে। জঙ্গল ঘিরে তল্লাশি হয়েছে। কিন্তু অভিযুক্ত বাংলাদেশিকে পাওয়া যায়নি।
অন্য দিকে, পুলিশের গাড়ি থেকে ধৃতদের পালিয়ে যাওয়া নিয়ে গাফিলতির অভিযোগ উঠেছে। ওই বিষয়ে তদন্ত হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।