রথযাত্রা নিয়ে প্রস্তুতি বৈঠক হয়ে গেল। সোমবার দুপুরে বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনের সভাগৃহে ওই বৈঠকে জেলাশাসক আর অর্জুন-সহ জেলার পুলিশ প্রশাসন, দমকল, স্বাস্থ্য অন্য দফতরের আধিকারিকেরা উপস্থিত হয়েছিলেন। সেখানে বিজেপির দুই বিধায়ক সু্ব্রত মৈত্র, মিতালী মাল, বিভিন্ন রথযাত্রা কমিটির লোকজন উপস্থিত হয়েছিলেন। সেই বৈঠকের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা থেকে রথযাত্রার প্রস্তুতি এবং রথযাত্রা কমিটিকে আর্থিক সাহায্য তুলে দেওয়ার কর্মসূচি করেছেন। ভিডিয়ো বৈঠকে সেই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন জেলা শাসক থেকে শুরু করে সুব্রত মৈত্র, মিতালী মাল-সহ অন্যরা। সেখানেই বহরমপুরের ‘শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির কমিটি এবং কান্দি শ্রী শ্রী রাধাবল্লব রথযাত্রা উৎসব কমিটিকে ৫ লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয়েছে।
পরে জেলা শাসক জানান, তথ্য সংস্কৃতি দফতরের নির্দেশ মতো রথযাত্রা আয়োজন যা যা করতে হয় এটা নিয়ে আলোচনা হয়েছে। যে যে রাস্তা দিয়ে রথ যাবে তার জন্য যে সব পরিকল্পনা করতে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। তাঁদের এবিষয়ে নির্দেশিকা জানানো হয়েছে। তাঁর দাবি, ‘‘কিছু জায়গায় সেবা শিবির করা হবে। সে সব শিবিরে পানীয় জলের প্যাকেট, ওআরএস, জরুরি চিকিৎসা পরিষেবা সহ নানা ব্যবস্থা করা হবে।’’
জেলাশাসক আরও জানান, সোমবার মুখ্যমন্ত্রী কলকাতা থেকে কর্মসূচি করেছেন। সেখানে কিছু রথযাত্রা কমিটির জন্য সাহায্য দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলাতে বহরমপুরের শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির কমিটি এবং কান্দি শ্রী শ্রী রাধাবল্লব রথযাত্রা উৎসব কমিটিকে আর্থিক সাহায্য দেওয়া হল আমাদের তরফ থেকে।