আই লিগে খেলার পর এ বার ডুরান্ড কাপে সুযোগ পেলেন পলাশিপাড়া চকবিহারী গ্রামের অয়ন ভট্টাচার্য। ফুটবল ক্লাব বেনারসে গোলরক্ষক হিসাবে তিনি সুযোগ পেয়েছেেন।
পরিবার সূত্রে জানা যায়, ২০১৭ সালে অনূর্ধ্ব ১৯ জেলাভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় নদিয়ার হয়ে তাঁর প্রথম সুযোগ পাওয়া। ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ দলের ট্রায়ালে যান। ২০২২ সানে চেন্নাই লিগে খেলার সুযোগ মেলে। লিগ শেষে ফের ব্যাঙ্গালুরু লিগে সুযোগ আসে। ২০২৩ সালে আই লিগের দ্বিতীয় বিভাগের জন্য ছত্তীসগঢ়ে যান তিনি। কলকাতা ফুটবল লিগে কালীঘাট এমএস দলেও ডাক পান। এর পর গুজরাত ও কেরলের লিগে সুযোগ পান। এ বছর সালে ডেম্পো স্পোর্টস ক্লাবে গোলরক্ষক হিসাবে সুযোগ পান।
সেই খেলা শেষ হতেই ডুরান্ড কাপের দল পেয়ে গেলেন অয়ন। আগামী ২৭ জুলাই সন্ধ্যা ৭টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে তাঁর দল। অয়ন জানান, ফুটবলের জন্য তিনি উচ্চ মাধ্যমিক দেননি, ছেড়েছিলেন ভারতীয় সেনার চাকরিও। তার জন্য শুনতে হয়েছিল ব্যঙ্গ-বিদ্রুপ। সেই সময় প্রশিক্ষক চন্দন বিশ্বাস ও অভীক বিশ্বাস তাঁর পাশে দাঁড়ান। অয়ন বলেন, “নিজের লক্ষ্যে স্থির ছিলাম। ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য চেষ্টা করে চলেছি।”