প্রায় ২৪ ঘণ্টা তাঁর খোঁজ পায়নি পরিবার। সোমবার দুপুরে সেই বিজেপি কর্মীর হাত-পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার জলঙ্গি নদী থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা মুর্শিদাবাদের নওদা থানার গোঘাটায়। মৃতের পরিবার এবং বিজেপির অভিযোগ, খুন করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল যুবককে।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম গোপীনাথ হালদার। বিজেপির দাবি, তাদের সক্রিয় কর্মী ছিলেন গোপীনাথ। পরিবারের দাবি, রবিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। আর বাড়ি ফেরেননি। নানা জায়গায় খোঁজ নেওয়া হয়েছিল। কিন্তু গোপীনাথের খোঁজ দিতে পারেননি কেউ। বারবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয় তারা। সোমবার দুপুরে গোঘাটা এলাকায় জলঙ্গিতে একটি দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। জানা যায়, দেহটি গোপীনাথের।
প্রত্যক্ষদর্শীদের দাবি, নদী থেকে দেহ তোলার সময় দেখা যায়, মৃতের হাত-পা এবং গলায় হলুদ রঙের দড়ি শক্ত করে বাঁধা। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পরিকল্পনা করে হত্যা করা হয়েছে গোপীনাথকে। কী কারণে এই নৃশংস খুন, তা নিয়ে ইতিমধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃতের পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন:
গোপীনাথের সঙ্গে কারও ব্যক্তিগত বিবাদ বা শত্রুতা ছিল কি না, জানার চেষ্টা করছে পুলিশ। রাজনৈতিক শত্রুতাও থাকতে পারে। সেই সম্ভাবনাও মাথায় রেখে তদন্ত করছে তারা। প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ।