E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ডেঙ্গি নিয়ে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজ্যে হৃদ্‌রোগের শল্য চিকিৎসকের সংখ্যা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৩
কল্যাণী এমসে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। শুক্রবার।

কল্যাণী এমসে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। শুক্রবার। ছবি: সুদেব দাস।

রাজ্যে আরও দু’টি নতুন এমস হাসপাতাল তৈরির পরিকল্পনা রয়েছে। তবে তার আগে উত্তরবঙ্গে একটি নতুন এমস গড়ে তোলা হবে। শুক্রবার কল্যাণীর এমসের সপ্তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসে এমনই বার্তা দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

সপ্তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক, মেডিক্যাল পড়ুয়া-সহ হাসপাতালের বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মীরা। এ দিন গিয়ে চিকিৎসকদের সামাজিক দায়িত্ব ও কর্তব্যের কথা তুলে ধরেন মন্ত্রী। চিকিৎসা শুধু পেশা নয়, মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেও চিকিৎসকদের কাজ করতে হবে বলে বার্তা দেন তিনি।

রাজ্যে হৃদ্‌রোগের শল্য চিকিৎসকের সংখ্যা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। বিশেষ করে কার্ডিয়োভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জন বা হৃদ্‌যন্ত্র ও বক্ষ শল্য চিকিৎসকের সংখ্যা ক্রমশ কমছে বলে জানান তিনি। অনুষ্ঠানে শেষে ডেঙ্গি নিয়েও সতর্ক করেন স্বাস্থ্যমন্ত্রী। শুধু চিকিৎসা পরিষেবার উপর নির্ভর না করে রোগ প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতার উপর জোর দেন তিনি। বাড়ির আশপাশের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও জল জমতে না দেওয়ার বার্তাও দেন।

স্কুল পড়ুয়াদের ডেঙ্গি থেকে সুরক্ষিত রাখতে পোশাক নিয়েও ফের সতর্ক করেন মন্ত্রী। তিনি বলেন, ‘‘অন্তত কয়েক মাস পড়ুয়াদের হাত-পা ঢাকা পোশাক পরানো উচিত।’’ মেয়েদের স্কার্টের পরিবর্তে পা ঢাকা পোশাক পরানোর কথাও বলেন তিনি। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তাঁর বক্তব্যে, ডেঙ্গি প্রতিরোধে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি বাড়ি, স্কুল এবং নিজের চারপাশ পরিষ্কার রাখার অভ্যাসই বড় ভূমিকা নিতে পারে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Kalyani Dengue Sharadwat Mukherjee

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy