Advertisement
E-Paper

‘সেনাবিরোধী মন্তব্য’, বার বার সমনেও দেননি হাজিরা! মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

মহুয়ার বিরুদ্ধে কৃষ্ণনগরের এক বাসিন্দা আদালতে মামলা করেছিলেন। মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, পূর্বে একাধিক সমন জারি করা হয়েছিল সাংসদের বিরুদ্ধে। তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৬ ১৫:৫১
কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। —ফাইল চিত্র।

ভারতীয় সেনা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যের মামলায় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। কৃষ্ণনগর আদালতের বিচারক দিব্যেন্দু দাস বুধবার এই পরোয়ানা জারি করেছেন। অভিযোগ, এই মামলায় একাধিক বার সমন পাঠানো হলেও মহুয়া আদালতে হাজির হননি। সেই কারণে শেষ হাজিরার দিনে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

শুধু সেনাবাহিনী নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও বিতর্কিত ও অপমানজনক মন্তব্যের অভিযোগ রয়েছে মহুয়ার বিরুদ্ধে। এ ছাড়া, মহিলাদের তুলসীমালা, বোরখা ও হিজাব পরানো নিয়ে তাঁর কিছু মন্তব্যে বিতর্ক তৈরি হয়। তার প্রেক্ষিতে কৃষ্ণনগরের এক বাসিন্দা আদালতে মামলা করেছিলেন। মামলাকারীর আইনজীবী শীর্ষেন্দু দাস জানিয়েছেন, পূর্বে একাধিক বার সমন জারি করা হয়েছিল মহুয়ার নামে। তাঁকে কৃষ্ণনগর আদালতে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি এক দিনও আসেননি।

মহুয়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের নাজিরাপাড়া এলাকার বাসিন্দা চয়ন নন্দী। তাঁর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী দাস। তিনি বলেন, ‘‘মহিলাদের তুলসীমালা, বোরখা ও হিজাব পরানো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনী ও জওয়ানদের নিয়ে অশালীন মন্তব্য, মহিলাদের শালীনতাহরণ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছিলেন আমার মক্কেল। বার বার সমন পাঠানো সত্ত্বেও কোনও তারিখেই তিনি আদালতে হাজির হননি। জেএম তৃতীয় আদালতের বিচারক দিব্যেন্দু দাসের এজলাস থেকে সশরীরে হাজিরার শেষ দিনে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।’’

মহুয়ার মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা হয়েছে। নারীর শালীনতা ক্ষুণ্ণ করা, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব উস্কে দেওয়া, ধর্মীয় ভাবাবেগে আঘাত করা, ভয় দেখানো এবং ঘৃণাভাষণের সংশ্লিষ্ট ধারা যোগ করা হয়েছে তাঁর মামলায়। তাতেই এ বার গ্রেফতারি পরোয়ানা জারি করায় কিছুটা অস্বস্তিতে পড়লেন সাংসদ।

উল্লেখ্য, কিছু দিন আগে অন্য একটি মামলায় আদালতের নির্দেশে নদিয়ার হোগলবেড়িয়া থানায় হাজিরা দিতে গিয়েছিলেন মহুয়া। তার পর কৃষ্ণনগরের সার্কিট হাউসে রাত কাটান। অভিযোগ, রাতে সেখানে তাঁকে হেনস্থা করা হয়। প্রশাসন রাতে সার্কিট হাউস ছেড়ে দিতে বলে সাংসদকে। বাইরে বিজেপির কর্মী-সমর্থকেরা জড়ো হয়ে বিক্ষোভও দেখান দীর্ঘক্ষণ। মহুয়া সার্কিট হাউস থেকেই সমাজমাধ্যমে একের পর এক ভিডিয়ো প্রকাশ করে ঘটনাবলির ব্যাখ্যা দেন। পরে তা নিয়ে লোকসভার স্পিকারকে চিঠিও লেখেন।

Mahua Moitra TMC Krishnanagar Arrest Warrant

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy