গত বিধানসভা ভোটের আগে থেকে সরকারি বাস বন্ধ। সরকার পরিবর্তনের পরে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের কথা ঘোষণা করা হলেও কয়েক মাস পেরিয়ে গিয়েছে, করিমপুর রুটে সরকারি বাসের দেখা নেই। এমনটাই জানাচ্ছেন এলাকার বাসযাত্রীরা। ফলে, মেয়েরা বিনামূল্যে সরকারি বাস পরিষেবা চাইলেও নিতে পারছেন না বলে অভিযোগ।
রাজ্যে সরকার বদলের পরে মেয়েদের বিনামূল্যে সরকারি বাস পরিষেবা মেলার বার্তায় খুশির হাওয়া উঠেছিল। তবে রেলপথহীন করিমপুর থেকে কলকাতা-সহ বিভিন্ন রুটে একটিও সরকারি বাস আর চলাচল করে না। ১৯৭২ সালের ১৫ অগস্ট কলকাতা থেকে করিমপুর রুটে প্রথম সরকারি বাস পরিষেবা চালু হয়। এক সময়ে ন’টি সরকারি বাস করিমপুর কলকাতা ও শিকারপুর থেকে দুর্গাপুর রুটে একটি বাস নিয়মিত ভাবে চলাচল করত। তার পরে নানা টালবাহনায় বছর দশেক ধরে মাঝে-মধ্যেই সরকারি বাস পরিষেবা অনিয়মিত হয়ে পড়েছে। গত শেষ বিধানসভা ভোটের দু’দিন আগে থেকে সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যাওয়ার পরে করিমপুর এলাকার বিভিন্ন রুটে বর্তমানে একটিও সরকারি বাস নেই। এমনকি, এলাকার মানুষ দীর্ঘদিন ধরে করিমপুর থেকে উত্তরবঙ্গমুখী একটি সরকারি বাস চালুর দাবি জানিয়ে আসছেন। তারও কোনও উদ্যোগ নেই।
করিমপুরের বিধায়ক সমরেন্দ্রনাথ ঘোষ জানাচ্ছেন, আগের সরকারের আমলের বাসগুলি স্বাভাবিক অবস্থায় নেই। তাঁর কথায়, ‘‘আমাদের রুটে রেলপথ নেই। সড়ক পরিবহণই একমাত্র ভরসা। এই কথা পরিবহণ মন্ত্রীকে জানিয়ে কয়েকটি সরকারি বাস দিতে অনুরোধ করেছি। মন্ত্রী আমায় জানিয়েছেন, ৪০০ টি বাস কেনার অর্ডার দেওয়া হয়েছে। ওই বাসগুলি এলে অন্য জায়গার সঙ্গে করিমপুর রুটেও বাস দেওয়া হবে।’’