নদিয়ার কালীগঞ্জে পুলিশি অভিযানে সাফল্য। মাদক তৈরি ও পাচারচক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম হেরোইন এবং নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম সাজ্জাদ শেখ। তাঁর বাড়ি কালীগঞ্জের বড় চাঁদঘর এলাকায়। আন্তর্জাতিক ও রাজ্যভিত্তিক মাদকচক্রের সঙ্গে তিনি কী ভাবে যুক্ত, তা খতিয়ে দেখতে আজই তাঁকে কৃষ্ণনগর আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
আরও পড়ুন:
স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় বেআইনি মাদক ব্যবসা চলছিল। গোপন সূত্রে খবর পেয়েই কালীগঞ্জ থানার পুলিশ অভিযান চালায়। বড় চাঁদঘর এলাকা থেকে সাজ্জাদকে হাতেনাতে পাকড়াও করা হয়। তাঁর কাছ থেকেই মেলে ১ কেজি ২০০ গ্রাম উচ্চমানের হেরোইন ও হিসাব বহির্ভূত ৫ লক্ষ টাকা। ধৃত ব্যক্তি কেবল মাদক বিক্রির সঙ্গেই যুক্ত নন, হেরোইন তৈরির প্রক্রিয়াতেও তিনি সক্রিয় ভূমিকা পালন করতেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
এই ঘটনার জেরে গোটা কালীগঞ্জ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন, এত বড় মাদকচক্রের নেপথ্যে কাদের হাত রয়েছে এবং এই মাদক কোথায় কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা জানতে ধৃতকে জেরা করা হবে। জেলা জুড়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও প্রশাসনের তরফে ইঙ্গিত মিলেছে।