নিয়ম রয়েছে, কিন্তু তা মানা হচ্ছে না—এই অভিযোগ তুলে স্কুল শিক্ষকদের অবৈধ প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে অনশনে বসলেন গৃহশিক্ষকেরা। শনিবার সকাল থেকে তেহট্ট থানার তরণিপুর হাই স্কুলের উল্টো দিকে কৃষ্ণনগর–করিমপুর রাজ্য সড়কের পাশে মঞ্চ করে শুরু হয় তাঁদের আন্দোলন। অনশনকারীদের মধ্যে এক গৃহশিক্ষক শহিদ মণ্ডল নির্জলা উপবাসে বসেছেন।
আন্দোলনকারীদের অভিযোগ, সরকারি নিয়মে স্কুলশিক্ষকদের প্রাইভেট টিউশন করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। অথচ বাস্তবে বহু শিক্ষক নিয়ম উপেক্ষা করে ব্যক্তিগত ভাবে পড়াচ্ছেন। জানা গিয়েছে, তেহট্ট, বেতাই, তরণিপুর, নাজিরপুর-সহ তেহট্ট ১ ব্লকের বিভিন্ন স্কুলে কর্মরত একাংশ শিক্ষক এখনও টিউশন পড়িয়ে চলেছেন। আন্দোলনরত গৃহশিক্ষকেরাও জানান, নিয়ম করলেই হবে না, কার্যকর করার জন্য শিক্ষা দফতরকে ব্যবস্থা নিতে হবে। নিয়ম ভাঙলে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা। তেহট্ট অবর বিদ্যালয় পরিদর্শকের দফতর জানিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।