সময় মতো স্কুলে আসেননি শিক্ষকেরা। তাই স্কুলের সামনে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা বৃষ্টিতে ভিজছে। কেন সময় মতো শিক্ষকেরা আসেননি, তার প্রতিবাদে মঙ্গলবার স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও স্থানীয়রা। বেলডাঙার ভাবতা নিজপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের এই বিক্ষোভের ছবি সমাজ মাধ্যমে ছড়িয়েছে।
স্কুল ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ভাবতা নিজপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান দরজা ১১টা বেজে গেলেও খোলেনি। ছাত্রছাত্রীরা ১১টার অনেক আগে স্কুলে আসে। ১০টা ৪৫ মিনিটের মধ্যে খোলার কথা থাকলেও এ দিন ১১টার অনেক পরেও স্কুল খোলেনি। পরে এক শিক্ষক স্কুলের দরজা খোলেন। স্কুল সূত্রে খবর, এখানে ২৭০ জন ছাত্রছাত্রী। শিক্ষক সাত জন। তাঁদের মধ্যে চার জন জনগণনার কাজে গিয়েছেন। বাকি তিন জনের মধ্যে এক শিক্ষিকা বৃষ্টির জেরে বহরমপুর থেকে আসতে পারেননি।
স্কুলের প্রধান শিক্ষক আবু সহিদ বলেন, “স্কুলের পানীয় জলের টেস্ট রিপোর্ট করার জন্য বাইরে যেতে হয়েছিল। যাঁদের আসার কথা, তারা কেন সময় মতো আসেনি সেটা খোঁজ নিচ্ছি। আমি স্কুলের কাজেই ছিলাম। সেটা আগেই জানিয়ে ছিলাম।”
যিনি স্কুল খুলেছেন, সেই সহ শিক্ষক এ হোসেন বলেন, “আমার জনগণনার কাজ ছিল। স্থানীয়দের কাছ থেকে জানার পরে এসে স্কুলের মূল গেট খোলার ব্যবস্থা করেছি। কেন স্কুলের গেট খুলতে দেরি বল, সেটা সেই শিক্ষকেরা বলতে পারবেন।”
স্থানীয়রা ও অভিভাবকেরা জানাচ্ছেন, এই ভাবতা নিজপাড়া প্রাথমিক বিদ্যালয়ের লাগোয়া একটি অঙ্গনওয়ারি কেন্দ্র রয়েছে। সেটা নিয়মিত চললেও প্রাথমিক স্কুল নিয়মিত ঠিক ভাবে চলে না। মঙ্গলবার ছাত্রছাত্রীদের বৃষ্টিতে ভিজতে দেখে এ দিন বিক্ষোভ দেখান তাঁরা।