Advertisement
E-Paper

ফের তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়! তীব্র হয়ে সেই অন্ধ্র উপকূলেই আছড়ে পড়বে, ‘ল্যান্ডফল’ কবে? চেন্নাই থেকে আর কত দূরে নিম্নচাপ?

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপটি দ্রুত গতিতে উপকূলের দিকে এগোচ্ছে। রবিবার দুপুরের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। তার পর আরও ঘনীভূত হয়ে মধ্যরাতে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ০৮:৫২
বঙ্গোপসাগরের উপর নতুন একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে।

বঙ্গোপসাগরের উপর নতুন একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। —ফাইল চিত্র।

ঘূর্ণিঝড় অর্ণব ‘অতি তীব্র’ আকার নিয়েছিল। আছড়ে পড়েছিল অন্ধ্রপ্রদেশের উপকূলে, বিশাখাপত্তনমের কাছে। তার রেশ কাটতে না কাটতে এক সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে দ্বিতীয় ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। নিম্নচাপের শক্তি ক্রমশ বাড়ছে। মৌসম ভবন এবং আলিপুর আবহাওয়া দফতর তার গতিবিধির দিকে নজর রেখেছে। নতুন ঘূর্ণিঝড়টি তৈরি হলে উপকূলে ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে।

মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি দ্রুত গতিতে উপকূলের দিকে এগোচ্ছে। রাতে ছ’ঘণ্টায় তার বেগ ছিল ২২ কিলোমিটার প্রতি ঘণ্টা। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ নিম্নচাপের অবস্থান চেন্নাই থেকে ৮৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, বিশাখাপত্তনম থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্ব, মছিলিপত্তনম থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এবং অন্ধ্রপ্রদেশের ওঙ্গোল থেকে ৯৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব। আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরে রবিবার দুপুরের মধ্যে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে। তা আরও ঘনীভূত হয়ে মধ্যরাতে দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। যদি ঘূর্ণিঝড় তৈরি হয়, তার নাম হবে ‘মুরাসু’।

সোমবারের মধ্যে ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ক্রমে তা উপকূলের দিকে এগোবে এবং মঙ্গলবার ভোরের দিকে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলের কাছে পৌঁছে যাবে। তীব্র ঘূর্ণিঝড় আকারেই তা অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে মঙ্গলবার, ৩ নভেম্বর সকালে। ওই সময় উপকূলে ঝড়ের গতি থাকবে ১০০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা। দমকা হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ১২০ কিলোমিটারেও। অন্ধ্রপ্রদেশ উপকূলের নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী অংশ দিয়ে ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করবে বলে আবহবিদেরা মনে করছেন। আপাতত এর কোনও প্রভাব পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পড়ছে না।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা জেলাগুলিতে (দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার) বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বুধবার পর্যন্ত। তার পর থেকে রাজ্যের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। কোথাও আলাদা করে আবহাওয়া সংক্রান্ত আর কোনও সতর্কতা নেই।

উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি সেলসিয়াস।

Bay Of Bengal Cyclonic Storm West Bengal Weather Weather Alert Weather Today Weather Forecast Bengal weather today Kolkata Weather

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy