সপ্তমীর সন্ধ্যায় ঝেঁপে বৃষ্টি নামে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায়। তবে জেলার সর্বত্র সেই বৃষ্টি হয়নি। যদিও শনিবার ঠাকুর দেখতে বেরিয়ে ভুগতে হয়েছে মানুষজনকে। এ বছর সপ্তমী দু’দিন। দ্বিতীয় সপ্তমীতেও কি ভোগাবে বৃষ্টি? আলিপুর আবহাওয়া দফতর আশ্বাস দিয়েছে। উত্তরবঙ্গের দু’টি জেলা ছাড়া রাজ্যের আর কোথাও রবিবার বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি, তাপমাত্রার হেরফের হওয়ারও কোনও সম্ভাবনা নেই।
শনিবার সকাল থেকে ভ্যাপসা গরম ছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সূর্য যত মাথায় উঠেছে, পুজো দেখতে বেরিয়ে তত ঘেমেনেয়ে গিয়েছেন মানুষজন। এই আবহে বিকেল গড়াতেই সপ্তমীর সন্ধ্যায় বৃষ্টি শুরু হয় মধ্য এবং উত্তর কলকাতায়। বৃষ্টি হয় হাওড়া, হুগলির কিছু অংশেও।
আলিপুর হাওয়া অফিস বলছে, রবিবার, দ্বিতীয় সপ্তমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী শুক্রবার পর্যন্ত সেখানে বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে রবিবারও। তবে বাকি ছয় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই। সোমবার, অষ্টমী থেকে উত্তরবঙ্গের আট জেলাতেই আর ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তাপমাত্রার আপাতত কোনও পরিবর্তন হচ্ছে না।