Advertisement
E-Paper

পার হওয়ার সময় বিপত্তি, সেতু ভেঙে নদীতে সারবোঝাই লরি! ঘুরপথে যেতে হবে মাথাভাঙা, ভোগান্তির আশঙ্কা

১৯৯৭ সালে সেতুটি তৈরি হয়েছিল। তবে স্থানীয়দের দাবি, বাম আমলে তৈরি এই সেতুর অবস্থা অনেক দিন ধরেই বিপজ্জনক হয়ে ছিল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ১৪:০৮
A bridge collapsed along with a fully-loaded lorry in Mathabhanga, Cooch Behar

সারবোঝাই লরি সমেত সেতু ভেঙে পড়ল কোচবিহারে। —নিজস্ব চিত্র।

সারবোঝাই লরি পার হচ্ছিল। আচমকাই মাঝপথে ভেঙে পড়ল সেতু। লরি পড়ল নদীর জলে! রবিবার সকালে বিপত্তি কোচবিহারের মাথাভাঙায়। সেতু ভেঙে পড়ায় এখন ঘুরপথে যাতায়াত করতে হবে স্থানীয়দের। সেই চিন্তায় দিশাহারা এলাকাবাসী। বিকল্প হিসেবে বাঁশের সেতুর বন্দোবস্ত করে দিচ্ছে স্থানীয় প্রশাসন।

মাথাভাঙা-২ ব্লকের উনিশ-বিশা গ্রাম পঞ্চায়েতের খড়িকাবাড়ি এলাকা ভেরিভেরি নদীর উপর থাকা কংক্রিটের সেতু ভেঙে পড়ে। রবিবার সকাল ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ১৯৯৭ সালে সেতুটি তৈরি হয়েছিল। তবে স্থানীয়দের দাবি, বাম আমলে তৈরি এই সেতুর অবস্থা অনেক দিন ধরেই বিপজ্জনক হয়ে ছিল। কোনও গাড়ি গেলে সেতুটি কাঁপত। সেই অবস্থাতেই ঝুঁকি নিয়ে পারাপার হতেন আশপাশের গ্রামের লোকেরা। কারণ কম সময়ে এই সেতু পার করেই মাথাভাঙা পৌঁছে যাওয়া যেত।

ওই সেতুর উপর নির্ভর করতেন প্রেমেরডাঙা, খড়িকাবাড়ি এলাকার মানুষ। সেতু ভেঙে পড়ায় অসুবিধায় পড়েছেন গ্রামবাসীরা। বিকল্প একটি রাস্তা থাকলেও তা ধরে অনেকটাই ঘুরপথে মাথাভাঙা যেতে হবে স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা সোফিয়ার রহমান বলেন, ‘‘সেতুটি অনেকদিন ধরেই দুর্বল অবস্থায় ছিল। সকালে সারবোঝাই একটি ট্রাক সেতুতে ওঠার পর সেতুটি ভেঙে পড়ে।’’ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। ওই ট্রাকটিকে উদ্ধারের কাজ শুরু করে। হাত লাগান স্থানীয়েরা। যত দিন না ওই জায়গায় আবার নতুন সেতু হচ্ছে, তত দিন স্থানীয়দের কথা মাথায় রেখে বাঁশের সাঁকো তৈরি করে দিচ্ছে প্রশাসন।

bridge collapse Cooch Behar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy