আবাস যোজনায় দুর্নীতিগ্ৰস্তদের আইনের আওতায় আসতে হবে। কোচবিহার সফরে গিয়ে ঘোষণা করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি এ-ও জানালেন, আবাস যোজনায় যে ‘অযোগ্য’রা বাড়ি তৈরির টাকা পেয়েছেন, তাঁদের নোটিস পাঠানো হবে। শুধু তা-ই নয়, যে সকল ‘অযোগ্য’ টাকা পেয়েছেন, তাঁদের তা ফেরতও দিতে হবে।
দার্জিলিং এবং কালিম্পঙে গ্রামাঞ্চলে উন্নয়নের বিষয়ে পর্যালোচনা বৈঠকের পর রবিবার কোচবিহারে ছিলেন দিলীপ। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার পঞ্চায়েত বিভাগের কাজের অগ্রগতি নিয়ে প্রশাসনিক বৈঠকের আগে মন্ত্রী জানান, আবাস যোজনায় ৫৫ লক্ষ নতুন আবেদন হয়েছে। সেগুলোর ভেরিফিকেশন হবে। দিলীপের কথায়, ‘‘যখন যতটুকু ভেরিফিকেশন হবে, সেই ভাবে প্রাপকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকবে।’’
তৃণমূল জমানায় আবাস এবং ১০০ দিনের কাজের প্রকল্পে লাগামছাড়া দুর্নীতির অভিযোগ তোলেন দিলীপ। জানান, এ নিয়ে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে ‘অডিট’ হচ্ছে। যে গ্রাম পঞ্চায়েত থেকে বেশি অভিযোগ এসেছে, সেখানে স্পেশ্যাল অডিট করা হচ্ছে। দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হলে আইনত শাস্তি হবে। দিলীপের মন্তব্য, ‘‘বাংলায় ব্যাপক দুর্নীতি হয়েছে এবং এর পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের হাত রয়েছে। আর অডিটে দুর্নীতি প্রমাণ হলে কেউ বাঁচবে না। সে প্রধান হোক বা অফিসার (সরকারি আধিকারিক) হোক।’’
আরও পড়ুন:
রবিবারের প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিক বৈঠকে দিলীপ জানান, বেশ কিছু পঞ্চায়েতে পরিচালনগত সমস্যা রয়েছে। শীঘ্রই সেগুলো ঠিক করা হবে। যেখানে ১৫ দিন প্রধান আসেননি বা আসছেন না, সেখানে প্রশাসক বসানো হবে।