Advertisement
E-Paper

পাকিস্তানের আইএসআই-কে ছাউনির গোপন তথ্য পাচার! হাসিমারা থেকে গ্রেফতার ভারতীয় সেনার জওয়ান

শুক্রবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে হাজির করায় পঞ্জাব পুলিশ। আদালত তাঁকে দু’দিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ২০:২৬

— নিজস্ব চিত্র।

পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে চরবৃত্তির অভিযোগে আলিপুরদুয়ারের হাসিমারা থেকে এক ভারতীয় সেনা জওয়ানকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশের স্পেশাল অপারেশন সেল। ধৃতের নাম রাজবীর সিংহ। তিনি পঞ্জাবের বাসিন্দা। ভারতীয় সেনাবাহিনীর সংবেদনশীল তথ্য এবং সেনা ছাউনি সংক্রান্ত গোপন তথ্য আইএসআইয়ের কাছে পাচারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

গত ৮ অক্টোবর পঞ্জাবের ফাজিলকা থানায় স্টেট স্পেশ্যাল অপারেশন সেলের তরফে অফিসিয়াল সিক্রেটস আইনের অধীনে একটি মামলা রুজু করা হয়। মামলায় অভিযোগ, বাহিনীতে কর্মরত দুই জওয়ান সেনা ছাউনি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য আইএসআই-এর কাছে পৌঁছে দিতেন। ইন্টারনেটের মাধ্যমে সেই কাজ করতেন। শুরু হয় তদন্ত। তার পর থেকেই ফেরার ছিলেন রাজবীর, এমনটাই জানিয়েছেন সরকারি আইনজীবী সৌমিত্র সিংহ সরকার। হাসিমারা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

শুক্রবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে হাজির করায় পঞ্জাব পুলিশ। আদালত তাঁকে দু’দিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১ নভেম্বর তাঁকে ফাজিলকার অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করাতে হবে। তার পরেই ধৃতকে নিয়ে পঞ্জাবের উদ্দেশে রওনা দেয় তদন্তকারী দল।

এই ঘটনার নেপথ্যে কোনও বড়সড় গুপ্তচর নেটওয়ার্ক কাজ করছে কি না, সেনাবাহিনীর আরও কোনও গোপন তথ্য পাচার করা হয়েছে কি না এবং এই কাজে অন্য কারা জড়িত, তা খতিয়ে দেখছে পঞ্জাব পুলিশের স্পেশাল অপারেশন সেল। তবে তদন্তের স্বার্থে এই নিয়ে বিশদে কিছু প্রকাশ করেননি তদন্তকারীরা।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy