মরসুমের প্রথম তুষারপাত হল উত্তর সিকিমে। বরফের সাদা চাদরে ঢেকে গেল কালা পাথর। গত কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে সিকিমে। তার জেরেই পুজোর মুখে বৃহস্পতিবার সকালে তুষারপাত হয়েছে উত্তর সিকিমে। তাতে উচ্ছ্বসিত পর্যটকেরা। মনে করা হচ্ছে, পুজোয় সিকিমে ভিড় আরও বাড়বে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, থাঙ্গু ভ্যালি, কালা পাথর, মুগুথাং, গুরুদোংমার লেক যাওয়ার রাস্তায় বৃহস্পতিবার সকালে তুষারপাত হয়েছে। বরফ পড়েছে ইয়ুমথাং উপত্যকা এবং জ়িরো পয়েন্টে। গ্যাংটক থেকে ছাঙ্গু যাওয়ার পথে আইটিবিপি শিবির পর্যন্তও বরফ পড়েছে বলে খবর।
আরও পড়ুন:
গত কয়েক দিন ধরে সিকিম, উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে। শুক্রবারও ঝড়বৃষ্টি চলবে। এই ঝড়বৃষ্টির জেরে পশ্চিম সিকিমে ধস নেমেছে। ইয়ুকসোম-তাশিডিং বিধানসভা এলাকার রিম্বি গ্রামে নতুন করে ধস নামায় আতঙ্ক ছড়িয়েছে। কাদা, পাথর, মাটি-জলের স্রোত পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছে। সেই ধসের গতিপথ ক্রমশ রিম্বি গ্রামের দিকে ঘুরে গিয়েছে। বেশ কয়েকটি বসতবাড়ি ধসে যেতে পারে বলে আশঙ্কাও তৈরি হয়েছে।