রাজ্যে আবার পাকিস্তানি চর সন্দেহে গ্রেফতারি! এ বার ঘটনাস্থল কোচবিহার। শনিবার ৮০তম স্বাধীনতা দিবসে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যোগ থাকার সন্দেহে দিনহাটা-২ ব্লকের সাহেবগঞ্জ থেকে তিন যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ। অন্য দিকে, উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার এক যুবক কর্নাটকে গ্রেফতার হয়েছেন। তাঁর সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনের যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের।
পুলিশের একটি সূত্রে খবর, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে দিনহাটা এলাকায় অভিযান চালায় এসটিএফ। দিনহাটা-২ ব্লকের সাহেবগঞ্জ থেকে রশিদুল, নাসিরুদ্দিন এবং সফিকুল নামে তিন যুবককে গ্রেফতার করে তারা। ধৃতদের মধ্যে কোনও এক জনের বাড়ি বিহারের কিসানগঞ্জে। বাকি দু’জন স্থানীয় বাসিন্দা। তাঁদের হেফাজতে নেওয়ার জন্য দিনহাটা আদালতে হাজির করানো হয়েছে। উল্লেখ্য, এর আগে নয়ারহাট থেকে এনআইএ অভিযানে আইএসআই চর সন্দেহে তিন জন গ্রেফতার হয়েছিলেন। সীমান্তঘেঁষা দিনহাটায় তিন জনের গ্রেফতারিতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় সিম কার্ড মিলেছে। শুধু তা-ই নয়, বাংলাদেশ হয়ে পাকিস্তানে জালনোট পাচার কারবারেরও অভিযোগ রয়েছে।
আরও পড়ুন:
শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
অন্য দিকে, উত্তর ২৪ পরগনার যুবকের গ্রেফতারির সূত্র ধরে বসিরহাটে যৌথ ভাবে অভিযান চালাচ্ছে কর্নাটক পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ। গত কয়েক দিনে আইএসআই-যোগ সন্দেহে একাধিক গ্রেফতারির ঘটনা ঘটেছে। বর্ধমান, হাবড়া এবং কলকাতার তপসিয়ায় তিন জন গ্রেফতার হয়েছেন।