২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কাজে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে অধিগৃহীত বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া বাবদ টাকা এখনও না মেলার অভিযোগ উঠল। নির্বাচনী দায়িত্বের পাশাপাশি পুলিশের কাজেও ওই বাসগুলি ব্যবহার করা হয়েছিল। কিন্তু নির্বাচন শেষ হওয়ার কয়েক মাস পরেও কলকাতা পুলিশ-সহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছ থেকে বাসমালিকেরা তাঁদের প্রাপ্য টাকা পাননি বলে অভিযোগ। জেলার বাসমালিকদেরও একই পরিস্থিতি বলে দাবি করা হয়েছে।
এই বকেয়া দ্রুত মেটানোর দাবিতে রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিংহের কাছে লিখিত আবেদন জানালেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটেরর সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়।
৪ অক্টোবর পরিবহণ ভবনে পাঠানো ওই চিঠিতে তিনি জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের সময় কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা থেকে বহু বেসরকারি বাস ও মিনিবাস অধিগ্রহণ করা হয়েছিল। নির্বাচনী কাজের পাশাপাশি পুলিশের প্রয়োজনেও সেই বাসগুলি ব্যবহার করা হয়। কিন্তু এখনও পর্যন্ত কলকাতা পুলিশের তরফে বাসমালিকদের কোনও টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর পরিবহণমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছিল। সেই আলোচনার পরে এখনও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি বলে দাবি বাসমালিক সংগঠনের। ফলে দীর্ঘদিন ধরে টাকা আটকে থাকায় মালিকদের আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে বলেও সংগঠনের তরফে জানানো হয়েছে।
সামনেই দুর্গাপুজো। উৎসবের আগে বকেয়া টাকা মেটানোর দাবি আরও জোরালো হয়েছে। সংগঠনটি পরিবহণমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, নির্বাচনের কাজে অধিগৃহীত বাস ও মিনিবাসের বকেয়া পাওনা দ্রুত সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। বাসমালিক সংগঠনের বক্তব্য, নির্বাচনের সময় সরকারি নির্দেশ মেনে বাস পরিষেবা দেওয়ার পর দীর্ঘ সময় ধরে পাওনা টাকা আটকে থাকা তাঁদের পক্ষে সমস্যাজনক। তাই পুজোর আগে সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে দ্রুত বকেয়া মেটানোর ব্যবস্থা করা প্রয়োজন। মন্ত্রীর সহযোগিতা পাবেন বলেই আশাপ্রকাশ করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক।