পূর্ব বর্ধমানে গিয়ে শুক্রবারই আলু চাষিদের সমস্যার সুরাহার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু বাস্তবে আলু চাষিদের দুর্দশা কাটছে না বলে অভিযোগ সংযুক্ত কিসান মোর্চার। আগামী সোমবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণ-অবস্থান করে আলু বেচে প্রতিবাদ জানাবেন কৃষকেরা। কিসান মোর্চার তরফে অমল হালদার, কার্তিক পাল, পরেশ পাল, কল্পতরু দত্তেরা শনিবার বলেছেন, এক কেজি আলু উৎপাদনে গড়ে খরচ ৮ টাকা। কৃষক এখন ৩ টাকার বেশি দাম পাচ্ছেন না। বাজারে আলু বিক্রি হচ্ছে ১৬ থেকে ২০ টাকায়। গণ-অবস্থানে প্রতীকী প্রতিবাদ জানিয়ে উৎপাদন খরচেই কৃষকেরা কলকাতার রাস্তায় আলু বেচবেন বলে জানিয়েছেন তাঁরা। মোর্চার যুগ্ম আহ্বায়ক কার্তিক ও অমল বলেছেন, ‘‘লক্ষ লক্ষ টন আলু হিমঘরে পচবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাইরের রাজ্যে আলু পাঠানো বন্ধ করে সর্বনাশ ডেকে এনেছিল। বিজেপি সরকারও এখনও ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবে পূরণ করেনি।’’ ফসলের ন্যায্য মূল্যের পাশাপাশি ১০০ দিনের কাজ এবং সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতিপূরণের দাবিও তোলা হবে গণ-অবস্থানে।