Advertisement
E-Paper

‘আমরা মুখ্যমন্ত্রীর লোক’ বলে বাস ইউনিয়নের অফিসে ঢুকে ভাঙচুর, মারধর কর্মীদের! বাঁকুড়ায় গ্রেফতার দুই

‘মুখ্যমন্ত্রীর লোক’ হিসেবে পরিচয় দিয়ে বাস ইউনিয়নের দফতরে তাণ্ডব চালানোর অভিযোগে দুই যুবককে গ্রেফতার করে আদালতে হাজির করেছে পুলিশ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ১৭:১০
Bankura Arrest Case

ধৃত দু’জন বর্ধমান এবং কলকাতার বাসিন্দা। —নিজস্ব চিত্র।

‘মুখ্যমন্ত্রীর লোক’ বলে নিজেদের পরিচয় দিয়ে বাস কর্মী ইউনিয়নের অফিসে তাণ্ডব চালিয়েছেন। ওই অভিযোগে দুই যুবককে গ্রেফতার করে আদালতে হাজির করল বাঁকুড়ার কোতুলপুর থানার পুলিশ। শনিবার কোতুলপুরের নেতাজি মোড় এলাকায় বিএমএস পরিচালিত বাস কর্মী ইউনিয়িনের একটি অফিসে ভাঙচুর হয়। সেই ঘটনায় ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে হাজির করানো হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে দুটো বাইকে চেপে মোট চার জন যুবক হাজির হয়েছিলেন কোতুলপুরের নেতাজি মোড়ে। সেখানে বাইক রাখা নিয়ে বাস কর্মী ইউনিয়নের এক সদস্যের সঙ্গে তাঁদের বচসা বাধে। বিতণ্ডার সময় চার জনের মধ্যে দুই বাইকআরোহী নিজেদের ‘মুখ্যমন্ত্রীর লোক’ বলে দাবি করে চড়াও হন বিএমএসের বাস কর্মী ইউনিয়ন অফিসে। অভিযোগ, অফিসে ভাঙচুর চালানোর পাশাপাশি বাসের কর্মীদের মারধর করেন তাঁরা। বাধা দিতে গিয়ে হেনস্থা হতে হয় এক সিভিক ভলান্টিয়ারকেও। পরিস্থিতি দেখে কোতুলপুর থানায় খবর দেন স্থানীয়েরা।

পরে কোতুলপুর থানা থেকে পুলিশ গিয়ে ওই কার্যালয় সংলগ্ন এলাকা থেকে দুই অভিযুক্তকে আটক করেছে। বাস কর্মী ইউনিয়নের এক সদস্যের লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁরা গ্রেফতার হন। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম প্রণব মণ্ডল এবং রাজেশ মণ্ডল। প্রণব পূর্ব বর্ধমান জেলার নাদনঘাটের এবং রাজেশের বাড়ি কলকাতার যাদবপুর থানা এলাকায়।

বিএমএসের কোতুলপুর ব্লক সভাপতি সুদীপ তিওয়ারি বলেন, ‘‘শনিবার দুপুরে মত্ত অবস্থায় চার যুবক দুটো বাইকে চড়ে নেতাজি মোড়ে আসে। ওরা বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় এমনভাবে বাইক রাখে যাতে বাসযাত্রীদের অসুবিধা হচ্ছিল। আমাদের সংগঠনের এক সদস্য বাইকগুলো অন্যত্র সরিয়ে দেওয়ার কথা বলাতেই দু’জন অশ্লীল ভাষায় গালাগালি করে। তার পর আমাদের ইউনিয়ন অফিসে ঢুকে ভাঙচুর করেছে। হামলাকারী যুবকেরা মুখ্যমন্ত্রীর লোক বলে নিজেদের পরিচয় দিয়েছিল।’’ তিনি আরও বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে যারা অন্যায় কাজ করেছে, তাদের কঠোর শাস্তি চেয়েছি আমরা।’’

bankura Crime Police case

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy