Advertisement
E-Paper

মুখ্যসচিব হিসেবে মনোজ অগ্রবালের মেয়াদ বাড়ল আরও ছ’মাস, রাজ্য সরকারের প্রস্তাবে সায় কেন্দ্রের

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হিসেবে মনোজের মেয়াদ ছিল ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত। ৩১ জুলাই তাঁর কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। রাজ্যের তরফে মেয়াদ বৃদ্ধির প্রস্তাব কেন্দ্রকে দেওয়া হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৬ ২১:১১
(বাঁ দিকে) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যসচিব মনোজ অগ্রবাল (ডান দিকে)।

(বাঁ দিকে) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যসচিব মনোজ অগ্রবাল (ডান দিকে)। —ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হিসেবে মনোজ অগ্রবালের কাজের মেয়াদ আরও ছ’মাস বৃদ্ধি পেল। রাজ্য সরকার এই মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রকে প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে সায় দিয়েছে দিল্লি। বৃহস্পতিবার কেন্দ্রের কর্মিবর্গ মন্ত্রক থেকে নবান্নে চিঠি দিয়ে মনোজের কাজের মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হিসেবে মনোজের মেয়াদ ছিল ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত। ৩১ জুলাই তাঁর কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। রাজ্যের তরফে মেয়াদ বৃদ্ধির প্রস্তাব কেন্দ্রকে দেওয়া হয় গত ১৫ জুলাই। প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রের চিঠিতে জানানো হয়েছে, মনোজ ১ অগস্ট থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ আরও ছ’মাস মুখ্যসচিবের দায়িত্ব পালন করতে পারবেন। ১৯৫৮ সালের অল ইন্ডিয়া সার্ভিসেস রুলের ভিত্তিতে এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।

১৯৯০ সালের ব্যাচের আইএএস অফিসার মনোজ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সময় তিনি পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দায়িত্ব পালন করেছিলেন। ভোটের পর রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসে। তার পরেই মনোজকে মুখ্যসচিব পদে নিয়োগ করা হয়। আপাতত আগামী বছরের জানুয়ারি পর্যন্ত তিনি ওই পদে থাকছেন। নতুন সরকারের প্রায় সমস্ত প্রশাসনিক কর্মসূচিতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশে দেখা গিয়েছে মনোজকে। তাঁর আগে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ছিলেন দুষ্মন্ত নারিওয়ালা। ভোটপর্বে তাঁকে নিয়োগ করেছিল নির্বাচন কমিশনই। সরকার বদলের পর প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল হয় পশ্চিমবঙ্গে। মুখ্যসচিব পদে মনোজের নিয়োগ ছিল তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ।

Chief Secretary Manoj Agarwal West Bengal government

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy