E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

পুজোয় নেই,জেলেই অঞ্জলি সুজিতের

নেতা-মন্ত্রী হওয়ার আগে থেকেই সুজিতের পরিচয় পুজোকর্তা হিসেবে। তখন রাজ্যে বামফ্রন্ট। সুজিতও সিপিএমে, সুভাষ-অনুগামী হিসেবেই পরিচিত।

কুন্তক চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ ০৮:৪৯
সুজিত বসু।

সুজিত বসু। —ফাইল চিত্র।

লেকটাউনের শ্রীভূমির পুজোয় দর্শক, রোশনাই, উন্মাদনা আছে। কিন্তু সুজিত বসু নেই। পুর নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়ে আপাতত তা‌ঁর ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার। তবে জেলের ভিতরেই পুজোয় আছেন তিনি। কারা সূত্রের খবর, পুজোর দিনে নিয়মমাফিক উপোস করার ‘অনুমতি’-ও জোগাড় করেছেন। যদিও শ্রীভূমির পুজোয় যে দাপট সুজিতের ছিল, জেলের পুজোয় তেমন কিছুই নেই। কারা দফতরের এক কর্তার কথায়, ‘‘আর পাঁচ জন বিচারাধীন বন্দির যা সুযোগ, উনিও তাই পাবেন। সুজিত জানিয়েছিলেন যে উপোস করে অঞ্জলি দিতে চান। সেটা ‌উনি করতেই পারেন। তবে পুজোকর্তা হওয়ার সুযোগ জেলের ভিতরে নেই।’’

নেতা-মন্ত্রী হওয়ার আগে থেকেই সুজিতের পরিচয় পুজোকর্তা হিসেবে। তখন রাজ্যে বামফ্রন্ট। সুজিতও সিপিএমে, সুভাষ-অনুগামী হিসেবেই পরিচিত। তারপর সুজিত দলবদলে তৃণমূলে এবং ক্রমশ নেতার অনুগামী থেকে নেতা-মন্ত্রী হওয়া। বিগত আমলে শ্রীভূমির পুজো উন্মাদনা এবং বিশৃঙ্খলার জন্য বারবারই বিতর্কে জড়িয়েছে। তবে ‘সুজিতের পুজো’ হওয়ায় প্রশাসন সে ভাবে পদক্ষেপ করেনি। এ বার সুজিতহীন শ্রীভূমির অবশ্য সেই দাপট নেই। কমিটিতেও বদল হয়েছে। সূত্রের খবর, সুজিত-গোষ্ঠীর হাতে শ্রীভূমির নিয়ন্ত্রণ নেই।

এ দিকে, হাই কোর্ট সুজিতের জামিনের আর্জি খারিজ করেছে। সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন তিনি। আইনজীবীদের একাংশের মতে, সুপ্রিম কোর্টে সুজিতের জামিনের সম্ভাবনা আছে। জামিন পেয়ে সুজিত বেরোলে রাজনীতিতে ফিরবেন কি না, তা নিয়ে নানা মহলে প্রশ্ন আছে। রাজনীতিতে না ফিরলে শ্রীভূমির পুজোয় ফের কর্তা হতে পারবেন কি?

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Durga Puja Sujit Bose Sreebhumi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy