অতীতে না হলেও, এ বার থেকে সরকারি কাজকর্ম, বিশেষ করে সরকারি অর্থ ব্যবহারের উপর নজরদারি নিশ্চিত করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সব দফতরের অডিটরদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সূত্রের দাবি, সেই বৈঠকে পঞ্চায়েত, অর্থ , পুর ও নগরোন্নয়ন এবং সমবায় দফতরের অডিট নিয়মিত করতে বলা হয়েছে। বাকি দফতরগুলির কাজকর্মের নজর রাখবে অর্থ দফতর।
অতীতে বিভিন্ন দফতরের কাজকর্ম এবং অর্থের ব্যবহার নিয়ে বিস্তর অভিযোগ উঠলেও, তা অডিটের মাধ্যমে খতিয়ে দেখা কেন হয়নি— প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এখন কেন্দ্রীয় বরাদ্দের দরজা খুলে গিয়েছে। এই অবস্থায় শুভেন্দুর নির্দেশ, ক্যালেন্ডার করে অন্তর্বর্তী অডিট করতে হবে সংশ্লিষ্ট দফতরগুলিকে। অডিটের তথ্য পাঠাতে হবে মুখ্যমন্ত্রীর দফতরেও।