দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
পশ্চিমবঙ্গেও এ বার মাদকসন্ত্রাসের ছায়া। রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের অভিযানে বর্ধমান থেকে গ্রেফতার হামিম মণ্ডলকে জেরা করে সেই আশঙ্কাই জোরালো হয়েছে গোয়েন্দাদের মনে। হামিমের সঙ্গে সরাসরি যোগ মিলেছে পাকিস্তানের ‘কুখ্যাত’ গ্যাংস্টার শাহজ়াদ ভাট্টি এবং তার সঙ্গী আজমল গুজ্জরের। গত কয়েক বছর ধরেই পাকিস্তান থেকে ভারতে মাদক এবং অস্ত্রপাচার, ভারতের বিভিন্ন প্রান্তে সেই মাদকের টাকা ব্যবহার করে নাশকতা, খুনের একাধিক ঘটনার সঙ্গে যোগ মিলেছে এই শাহজ়াদের। ভারতীয় তদন্তকারীদের দাবি, এই গোটা পরিকল্পনায় শাহজ়াদের দোসর পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। এই তদন্ত কোন দিকে মোড় নেবে?
১৯ বছর পরে কলকাতায় এসেছেন তসলিমা নাসরিন। শুক্রবার বেলায় দমদম বিমানবন্দরে নামেন তিনি। আজ রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তসলিমা। একাধিক সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজকেরা জানিয়েছেন, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
নিম্নচাপ সরে গিয়েছে ছত্তীসগঢ়ের দিকে। তবে বর্ষার বৃষ্টিতে বিরাম নেই। দক্ষিণের প্রায় সর্বত্রই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে আরও কিছু দিন। উত্তরে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আর কোথাও ঝড়বৃষ্টির তেমন কোনও সতর্কতা নেই। উত্তরবঙ্গে আগামী সপ্তাহে ফের দুর্যোগের সম্ভাবনা রয়েছে।